সৎমাকে কুপিয়ে হত্যা করে কিশোরের থানায় আত্মসমর্পণ
যশোরের ঝিকরগাছা উপজেলায় সৎমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে এক কিশোর।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কীর্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সৎমায়ের নাম আনোয়ারা বেগম (৪৫)।
আপন ছোট ভাইয়ের ওপর নির্যাতন সইতে না পেরে ওই কিশোর তাঁর সৎমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে সে পুলিশকে জানিয়েছে।
পরিবারের বরাত দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, উপজেলার কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আনোয়ারাকে বিয়ে করেন। মশিয়ার রহমানের আগের সংসারে দুটি ছেলে রয়েছে। ছোট ছেলেটিকে ঠিকমতো খেতে দিতেন না সৎমা আনোয়ারা। প্রায়ই মারধরও করতেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই কিশোর কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর সৎমা আনোয়ারাকে হত্যা করে।
পুলিশ জানায়, রাত নয়টার দিকে ওই কিশোর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ঝিকরগাছা থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আনোয়ারার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চারটি চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য আনোয়ারার লাশ আজ সোমবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আত্মসমর্পণকারী কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।