সৎমাকে হত্যা করান এক জার্মানিপ্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অনটনে ছিলেন মাদ্রাসাছাত্র জান্নাতুল ফেরদৌস ওরফে নাঈম (১৮)। এলাকার সৌদিপ্রবাসী এক মামার মাধ্যমে তাঁর যোগাযোগ হয় মাজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে। মাজাহারুল জার্মানিপ্রবাসী।

মাজাহারুল আর্থিক সহায়তা করার নামে জান্নাতুলকে ব্যবহার করেন একটি হত্যাকাণ্ডে। আড়াই লাখ টাকা চুক্তিতে মাজাহারুলের সৎমাকে হত্যা করেন জান্নাতুল। গ্রেপ্তার হয়ে এই তরুণ এখন কারাগারে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে সৎমা সেলিনা খানমকে হত্যা করান মাজাহারুল। সেলিনা ছিলেন তাঁরই আপন খালা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর মাজাহারুলের বাবা এস এম ওবায়দুল্লাহ তাঁকে বিয়ে করেছিলেন। ২ অক্টোবর সন্ধ্যায় কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় সেলিনাকে তাঁর বাসায় ছুরিকাঘাত করে হত্যা করেন জান্নাতুল। জান্নাতুল মোহাম্মদপুরের তাজমহল রোডের বাইতুস ফজল ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়ায়। জান্নাতুলের মা ও বোন থাকেন টঙ্গীতে। গতকাল শুক্রবার নড়াইলের নড়াগাতি এলাকা থেকে জান্নাতুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনাল টিম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর ভাষানটেক এলাকার এক বাসা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

আজ শনিবার নাঈম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে জান্নাতুল বলছেন, ১০ বছর আগে তাঁর বাবা আরেকটি বিয়ে করে আলাদা বসবাস শুরু করেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। এরপর ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছিলেন আলিয়া মাদ্রাসার ছাত্র। এরপর দুই বছর কারি পাস করেন। ২০১৯ সাল থেকে তিনি আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা শুরু করেন বাইতুস ফজল ইসলামিয়া মাদ্রাসায়। ওই বছরই মিজান নামে এলাকার এক সৌদিপ্রবাসী মামার সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি তাঁর পড়াশোনার খরচ বহন করার জন্য মিজানকে অনুরোধ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মিজান প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা করে দেন। ছয় মাস দেওয়ার পর টাকা দেওয়া বন্ধ করে দেন। তখন মিজানই তাঁর (জান্নাতুল) সঙ্গে মাজাহারুলের পরিচয় করিয়ে দেন।

জান্নাতুল পুলিশকে বলেছেন, গত ঈদুল আজহার কয়েক দিন আগে মাজাহারুল তাঁকে এক নারীকে হত্যার কথা বলেন। তিনি রাজি না হলে সৌদিপ্রবাসী মিজান ও মাজাহারুল তাঁকে এবং তাঁর মা ও বোনকে হত্যার হুমকি দেন। তিন-চার দিন ভাবনার পর তিনি হত্যা করতে রাজি হন। সমেদ মোল্লা নামে তাঁর পরিচিত এক ব্যক্তিকে পুরো বিষয়টি জানান। সমেদও তাঁকে হত্যাকাণ্ডে সহায়তা করতে রাজি হন। কিন্তু ২০ সেপ্টেম্বর সমেদ কৌশলে মাজাহারুলের পাঠানো ৫০ হাজার টাকা নিয়ে চলে যান।

মাজাহারুলের পরিকল্পনা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর প্রথমে কামরাঙ্গীরচরে মাজাহারুলের বাবার বাসা ভাড়া নিতে যান জান্নাতুল। ভাড়াটিয়া ফরম অর্ধেক পূরণ করে দুই হাজার টাকা অগ্রিম দিয়ে চলে আসেন। পরবর্তী সময়ে সেই পরিকল্পনা থেকে সরে আসেন মাজাহারুল। তাঁকে (জান্নাতুল) বলেন, জাতীয় পরিচয়পত্র দিলে হত্যার পর তাঁর ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পরের পরিকল্পনা অনুযায়ী ১ অক্টোবর জান্নাতুল কামরাঙ্গীরচরে আবার যান। অর্ধেক পূরণ করা ভাড়াটিয়া ফরম ফেরত চেয়ে সেলিনার সঙ্গে আলাপ শুরু করেন। সেলিনা তখন সোফায় বসে টিভি দেখছিলেন। কক্ষটিতে তখন কেউ ছিল না। একপর্যায়ে তিনি সেলিনার গলায় ছুরি দিয়ে তিনবার আঘাত করে পালিয়ে যান।

গোয়েন্দা পুলিশের লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল আরেফীন বলেন, সেলিনাকে হত্যার জন্য মাজাহারুল ৫০ হাজার টাকা ও একটি ছুরি নড়াইলের অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে জান্নাতুলকে সরবরাহ করেন। হত্যার পর তিনি বিকাশের মাধ্যমে জান্নাতুলকে আরও ৬০ হাজার টাকা দেন। আর হত্যাকাণ্ডের পরিকল্পনায় মাজাহারুলের সঙ্গে সমন্বয় করেন মিজান।

শামসুল আরেফীন আরও বলেন, সেলিনাকে হত্যার পর মাজাহারুলের বাবা ওবায়দুল্লাহ কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। সেখানে তিনি ভাড়া নিতে আসা এক ব্যক্তির কথা উল্লেখ করেন। ঘটনার পর থেকে জান্নাতুল পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।