সৎমায়ের স্বাক্ষর জাল, ছেলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎমায়ের স্বাক্ষর জাল করে মামলা করার অভিযোগে ছেলে সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে এ ঘটনা ঘটেছে।

২০১৬ সালে ১৯২৫ সালের উত্তরাধিকার আইনের ৩৭৬ ধারায় উত্তরাধিকার সনদ চেয়ে একটি মামলা করেন সুমন আহমেদ। মামলায় সৎমা ফারহানা আকতার, বোন সুলতানা পারভীন ও সুমন আহমেদকে পক্ষ করা হয়। সুমন আহমেদ তাঁর মায়ের স্বাক্ষর জাল করে মামলাটি দায়ের করেন। আজ সৎমা ফারহানা আকতার আদালতে এক আবেদনে জাল-জালিয়াতির বিষয়টি আদালতকে জানান। বিচারক সাউদ হাসান এ সময় আদালতে উপস্থিত সুমন আহমেদকে বিভিন্নভাবে জেরা করেন এবং ফারহানা আকতারের নমুনা স্বাক্ষর নেন। তাতে দেখা যায়, মূল মামলায় করা স্বাক্ষরের সঙ্গে ফারহানা আকতারের স্বাক্ষরের সঙ্গে কোনো মিল নেই। বিচারক সাউদ হাসান এরপর স্বাক্ষর জাল করে মামলা করার অভিযোগে সুমন আহমেদকে আসামি করে তাঁর বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার চেষ্টার অভিযোগে মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার অলিউর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার বাদী অলিউর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ২২ নভেম্বর সুমন আহমেদ উত্তরাধিকার সনদ চেয়ে আদালতে সাকসেশন মামলা করেন। ২০১৩ সালের সুমনের বাবা দবির উদ্দিন প্রামাণিক মারা যান। মৃত্যুকালে স্ত্রী ফারহানা, এক ছেলে সুমন ও মেয়ে পারভিনকে রেখে যান। ব্যাংকে প্রায় দুই লাখ টাকাসহ স্থাবর-অস্থাবর সম্পদ রেখে গেছেন। আসামি সুমনের ​বিরুদ্ধে তাঁর মায়ের স্বাক্ষর জাল করে মামলা করার বিষয়টি ধরা পরায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।