
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটি দুদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্লাসে দুষ্টুমি করায় গত সোমবার সকালে নবম শ্রেণির ছাত্র পলফ ড্যানিয়েল পিরিচসহ কয়েকজন শিক্ষার্থীকে চড় দেন ইংরেজির সহকারী শিক্ষক মো. আবু বকর সিদ্দিক। ক্লাসের পর বাড়িতে গিয়ে বাবা পলাশ পিরিচকে (৪৫) ঘটনাটি জানায় পলফ। পরে পলাশ ওই শিক্ষকের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষের কাছে নালিশ দেন। অধ্যক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পলাশ চলে যান। পরে ওই দিন বেলা একটার দিকে শিক্ষক আবু বকর দুপুরের খাবার খেয়ে বাসা থেকে কলেজে যাচ্ছিলেন। কলেজের সীমানাপ্রাচীরের কাছে পলাশ তাঁকে থামান এবং তাঁর ছেলেকে মারধরের কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ ওই শিক্ষকের নাকে-মুখে কিল-ঘুষি মারেন। এতে শিক্ষকের নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। খবর পেয়ে সহকর্মী ও ছাত্ররা এগিয়ে গেলে দ্রুত এলাকা ত্যাগ করেন পলাশ। পরে আহত শিক্ষককে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় গতকাল সকালে জয়দেবপুর থানায় ওই শিক্ষক সাধারণ ডায়েরি করেন।
এদিকে আবু বকর সিদ্দিককে মারধরের ঘটনার বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে গিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও সড়ক থেকে তাদের সরাতে লাঠিপেটা করে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মোবারক হোসেন ও অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা কলেজের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে। আহত শিক্ষার্থীদের টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মারফত আলী দেওয়ান বলেন, ছাত্রকে চড় মারার ঘটনার বিচারের আশ্বাস দিলেও শিক্ষককে মেরে গুরুতর জখম করেছেন অভিভাবক। তিনি আরও বলেন, গতকাল থেকে কলেজ দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, পলাশকে আটক করা হয়েছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।