
পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিস্টিলারি রোড দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কাঁচাবাজার। বাজারের ময়লা পানি ও আবর্জনা ছড়িয়ে পড়ে সড়কে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কে কাঁচাবাজার বসিয়ে চাঁদাবাজি করছেন ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল মঙ্গলবার দেখা যায়, ধূপখোলা মাঠের উত্তর-পশ্চিম পাশে ডিস্টিলারি রোডের দুপাশে দেড় শতাধিক সবজি ও মাছ-মাংসের দোকান। এর মধ্যে সিটি করপোরেশন মার্কেটের সামনে দোকানের সংখ্যা বেশি। দোকানগুলোতে কেনাকাটা করছেন ক্রেতারা। দোকানের কারণে সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ দখল হয়ে গেছে। বাকি সড়কে বাজারের ময়লা পানি ও বর্জ্য ছড়িয়ে আছে। তা মাড়িয়ে চলাচল করছে পথচারীরা। এ ছাড়া কাঁচাবাজারের ময়লা-আবর্জনায় সড়কের দুপাশের নর্দমা বন্ধ হয়ে আছে। নর্দমার ময়লা পানি উপচে পড়ছে সড়কের ওপর।
ডিস্টিলারি রোডের বাসিন্দা মাসুদ আলম বলেন, এলাকায় একটি কাঁচাবাজার দরকার। কিন্তু তাই বলে সড়ক বন্ধ করে বাজার বসার কোনো যুক্তি নেই। বর্তমানে এই বাজারের কারণে সড়কটিতে চলাচল করা কঠিন। দুপাশের ফুটপাতও দখল হয়ে আছে। অথচ এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে।
সিটি করপোরেশন মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ৮-১০ বছর আগ থেকে সড়কে কাঁচাবাজার বসতে শুরু করে। তাঁদের বসতে সহযোগিতা করেন ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু নেতা-কর্মী। বিনিময়ে তাঁরা প্রতিটি দোকান থেকে চাঁদা আদায় করেন। এসব দোকানের কারণে সিটি করপোরেশন মার্কেটের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই অবিলম্বে কাঁচাবাজারটি উচ্ছেদ করতে হবে।
তিন বছর ধরে ডিস্টিলারি রোডে শাকসবজি বিক্রি করেন সুফিয়ান মিয়া। তিনি বলেন, সকালে দোকান নিয়ে বসার আগে ‘লাইনম্যান’ জয়নালকে দোকানিদের ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কাউকে বসতে দেওয়া হয় না।
তবে এ ব্যাপারে বক্তব্য জানতে অনেক চেষ্টা করেও জয়নালকে খুঁজে পাওয়া যায়নি।
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্ক জানতে চাইলে ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ওই সড়ক থেকে অবৈধ কাঁচাবাজার একাধিকবার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু দোকানিরা আবার বসে পড়েছেন। তিনি আরও বলেন, অবৈধ কাঁচাবাজারটি উচ্ছেদ করা হবে।