>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া, আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও আশপাশের সরকারি কলোনিগুলোর চারপাশের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। প্রায় তিন শতাধিক দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ ও বাস্তুহারা লীগের নেতারা।
একাধিকবার উচ্ছেদ অভিযানের পরও সড়ক ও ফুটপাতের ওপর বহাল রয়েছে মতিঝিল এজিবি কলোনির সেই অবৈধ কাঁচাবাজার। এ ছাড়া প্রতিটি সড়কের প্রায় অর্ধেক দখল করে গড়ে উঠেছে অবৈধ গাড়ি পার্কিং।
এই এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এসব সমস্যা ছাড়াও ওয়ার্ডে মশার উপদ্রব ও মাদক সমস্যা রয়েছে। তবে ওয়ার্ডের চারটি কলোনির প্রতিটিতেই শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কয়েকটি বড় মাঠ রয়েছে।
গতকাল বুধবার এসব এলাকা ঘুরে ও স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা যায়। বাংলাদেশ ব্যাংক কলোনি, টিঅ্যান্ডটি কলোনি, হিন্দু পাড়া, পোস্টাল অফিসার্স কলোনি ও এজিবি কলোনি নিয়ে ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে অর্ধলক্ষাধিক লোকের বসবাস।
দেখা যায়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পূর্ব মাথা থেকে পশ্চিম সীমানা পর্যন্ত সড়কের উভয় পাশে রয়েছে দেড় শতাধিক অবৈধ দোকানপাট। এর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতেই রয়েছে হরেক রকমের শতাধিক দোকান। দরদাম করে কেনাকাটা করছেন ক্রেতারা। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেকেই সড়কে ঝুঁকি নিয়ে চলছেন। এ ছাড়া সড়কের দুপাশে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিগত গাড়ি, পিকআপ, ভ্যান ও রিকশা পার্কিং করে রাখা হয়েছে। স্কুল ছুটির পর সড়কে যানজটের সৃষ্টি হয়।
এই এলাকার স্থানীয় বাসিন্দা ও হকারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার ফুটপাতে দোকান বসিয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা তোলেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেকান্দার আলী। এর মধ্যে গত মাসে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে ডিএসসিসি। এই চাঁদাবাজির সঙ্গে জাতীয় শ্রমিক লীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি সালু মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ত্রাণ সম্পাদক সেকান্দার মাঝি জড়িত রয়েছেন। এ ছাড়া এই এলাকায় ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের নেতা-কর্মীদের ২৬টি দোকানও রয়েছে।
জানতে চাইলে সাইফুল ইসলাম ও সেকান্দার মাঝি এই অভিযোগ স্বীকার করেছেন। তাঁরা বলেন, ফুটপাত থেকে ওঠানো চাঁদার টাকা কয়েক ভাগে ভাগ করতে হয়। এর একাংশ তাঁরা নেন। বাকি অংশ বিভিন্ন মহলকে দিয়ে মুখ বন্ধ রাখতে হয়। বিভিন্ন মহল কারা, তা জানতে চাইলে তাঁরা আর কিছু বলেননি।
তবে হকাররা জানিয়েছেন, ফুটপাত থেকে ওঠানো চাঁদার টাকা প্রথম তিন ভাগে ভাগ করা হয়। পরে তা ১০ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা লীগ ও শ্রমিক লীগ, মতিঝিল থানার কিছু পুলিশ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভাগ হয়।
দেখা যায়, টিঅ্যান্ডটি কলোনি, পোস্টাল কলোনি ও বাংলাদেশ ব্যাংক কলোনির চারপাশের ফুটপাতে রয়েছে আরও দেড় শতাধিক অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এর মধ্যে টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে চাঁদা তোলেন আওয়ামী লীগ কর্মী বলে পরিচিত আনিস নামের এক লোক। তবে গতকাল তাঁকে এলাকায় পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, একেক দিন একেক সময় চাঁদা তোলেন আনিস। এর মধ্যে ফুটপাতের চায়ের দোকান ও রিকশার গ্যারেজ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে তোলা হয়। কেউ টাকা না দিলে ফুটপাতে বসতে দেওয়া হয় না।
এজিবি কলোনির আইডিয়াল জোনের পশ্চিম পাশে রয়েছে মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবু সড়ক। এই সড়কের দুপাশেই অবৈধভাবে গড়ে উঠেছে একটি কাঁচাবাজার। এই বাজারের উত্তর থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত সড়কের দুই পাশে আছে দুই শতাধিক দোকান। দোকানের মালামাল রাখা আছে সড়কের ওপর। এই বাজারটি এজিবি কলোনি কাঁচাবাজার নামে পরিচিত। এই বাজারসংলগ্ন রয়েছে ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের দোকানি ও আইডিয়াল জোনের কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক মাস আগে সড়ক ও ফুটপাতের ওপর নির্মিত এই কাঁচাবাজারটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল ডিএসসিসি। কিন্তু কয়েক দিন পরই আবার দোকানপাট নির্মাণ করেন মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কলোনিগুলোতে মশার উপদ্রব রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বাংলাদেশ ব্যাংক কলোনির বাসিন্দা আফজাল হোসেন বলেন, তাঁর কলোনিতে মাসে একবারও মশার ওষুধ ছেটানো হয় না। এতে মশার কামড়ে অতিষ্ঠ বাসিন্দারা। এ ছাড়া কলোনির চারপাশে দোকানপাট ও ময়লা-আবর্জনায় ভরা। এসব জায়গা থেকেই মশা জন্মায়।