
যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে প্রতিদিন ভোরে অবৈধভাবে বসছে তিন শতাধিক মাছের দোকান। এই এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচেও বসে শতাধিক মাছ কাটা ও বরফের দোকান। এতে মাছের পানি ও রক্তের দুর্গন্ধে এই পথে চলা দায়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সড়কের ওপর এই মাছের বাজারের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার পরিবেশও দূষিত হচ্ছে৷ এ ছাড়া প্রায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এলাকাটি ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
জানতে চাইলে ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, সড়কের ওপর মাছের দোকান বসানোর সঙ্গে স্থানীয় প্রভাবশালী একটি মহল জড়িত। তাদের কারণেই তা উচ্ছেদ করা যাচ্ছে না। তবে পুলিশ সহযোগিতা করলে পাঁচ মিনিটেই এসব অবৈধ দোকান উচ্ছেদ করা সম্ভব।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সামনে থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পূর্ব মাথা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম সড়কের ওপর দুই শতাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা মাছ বিক্রি করছেন। একইভাবে এই সড়কের দক্ষিণ পাশে মাছ বিক্রি করছেন আরও শতাধিক বিক্রেতা। ক্রেতাদের উপস্থিতিও প্রচুর, বরং সে তুলনায় মূল আড়তেই ক্রেতা-বিক্রেতা কম। মানুষের চাপে উভয় পাশে সড়কে লেগে আছে তীব্র যানজট। মাছবাজারের ময়লা-আবর্জনায় সড়কের দুপাশের ড্রেন বন্ধ হয়ে আছে। বৃষ্টি ও মাছের পানিতে সড়ক সয়লাব। এর মধ্যে দরদাম করে কেনাকাটা করছেন ক্রেতারা।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে খালি জায়গায় বসেছে শতাধিক বরফ ও মাছ কাটার দোকান। ফলে পুরো এলাকার বাতাসে মাছ ও মাছের রক্তের দুর্গন্ধ ছড়িয়ে আছে। আড়ত সমিতির কাউকে তাঁদের কার্যালয়ে পাওয়া যায়নি৷
দক্ষিণ যাত্রাবাড়ী থেকে প্রায়ই আড়তে খুচরা মাছ কিনতে আসেন আরিফুর রহমান। তিনি বলেন, বাজার থেকে এই আড়তে মাছের দাম কিছুটা কম। তাই প্রায়ই এখানে মাছ কিনতে আসা হয়। কিন্তু আড়তের পরিবেশ অনেক নোংরা।
যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দা ও আড়তের কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিদিন ভোররাত থেকেই নিজ নিজ আড়তের সামনের সড়ক দখল করে পাইকারি দোকান বসান আড়তমালিকেরা। তাঁরাই আবার ফ্লাইওভারের নিচে মাছ কাটা ও বরফের দোকান বসিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি মৎস্য আড়তের মালিক বলেন, আড়তের ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীরা সড়কের ওপর মাছ বিক্রি করেন৷ এ ছাড়া বাইরের ব্যবসায়ীরাও এখানে দোকান বসান৷ এ জন্য সব দোকানিকে আড়ত সমিতি, রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশকে টাকা দিতে হয়৷
মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বড় রুই মাছ কাটছিলেন জহিরুল আলম। তিনি বলেন, দিনের শুরুতেই সামিউল নামের ক্ষমতাসীন দলের এক স্থানীয় কর্মীকে দোকানপ্রতি ১০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে বসতে দেওয়া হয় না। তবে অনেক খুঁজেও সামিউলকে পাওয়া যায়নি৷
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই যাত্রাবাড়ীতে সড়কের ওপর মাছের দোকান বসছে। অনেক সময় পুলিশ এই সড়ক থেকে দোকানিদের উচ্ছেদ করেছে। সিটি করপোরেশন ডাকলে আবার উচ্ছেদ করা হবে। তবে পুলিশের কোনো সদস্য এই দোকান থেকে চাঁদা তোলার সঙ্গে জড়িত নন।