
খুলনা নগরের সোনাডাঙা বাসস্ট্যান্ড থেকে বয়রা বাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত নির্মাণসামগ্রীর দখলে চলে গেছে। সেখানে এখন ইট, খোয়া, পাথর, বালু, রডের সমাহার। নগরের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে মুজগুন্নী সড়কের ওই অংশের দৈর্ঘ্য ২ দশমিক ৭ কিলোমিটার। আর সেখানকার ৫৭টি স্থানে রাখা আছে এসব নির্মাণসামগ্রী। ফলে পথ চলতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরবাসী বলছে, নির্মাণসামগ্রীর কারণে হাঁটাচলায় ভোগান্তির পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কিন্তু নগর কর্তৃপক্ষ এসব বিষয়ে উদাসীন। করপোরেশন থেকে এগুলো উচ্ছেদের কথা বললেও, তা ঘোষণাতেই আটকে আছে। অনেক ব্যবসায়ী ও বাড়ির মালিক ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরেও ইট-বালু স্তূপ করে রেখেছেন। এতে রাস্তা সরু হয়ে গেছে। এ ছাড়া সড়কের এই অংশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বয়রা বাজার মোড়ে রয়েছে ইজিবাইকের অস্থায়ী স্ট্যান্ড। সব মিলিয়ে নগরের ওই অংশে যানজট লেগেই থাকে। নগরের ওই অংশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়সহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
খুলনা সিটি করপোরেশনের সম্পত্তিবিষয়ক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্মাণসামগ্রী সরানোর জন্য নোটিশ করা হয়েছে। তা ছাড়া আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট ছিল না। এ মাসের শেষ দিকে ম্যাজিস্ট্রেট যোগদান করবেন। তখন জোরালো অভিযান শুরু করা হবে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ফুটপাতের ওপর ও সড়কের কিছু অংশজুড়ে রাখা আছে নির্মাণসামগ্রী। কোনো কোনো স্থানে রাস্তার মাঝ পর্যন্ত পাথর রাখা। রাস্তার মাঝে ভ্যান ও ঠেলাগাড়িতে ইট-বালু তোলা হচ্ছে। রাস্তা আংশিক আটকে ট্রাক দাঁড় করিয়েও বালু নামানো হচ্ছে। সড়কের পাশের করাতকলের জন্য রাস্তার মাঝখানে ঠেলাগাড়ি রেখে কাঠের গুঁড়ি নামানো হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে রাস্তায় ইট রাখা ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘স্থায়ীভাবে রাস্তায় মালামাল রাখি না। বছরে এক-আধবার কেসিসি কেএমপি মাইকিং করে ফুটপাত, সড়ক থেকে মালামাল সরাতে বলে।’
বৃহস্পতিবার দুপুরে হাসিবুর রহমান নামের এক পথচারী বলেন, সড়কের ফুটপাতে এত বেশি জায়গায় নির্মাণসামগ্রী রাখা যে এর ফুটপাত ধরে হাঁটা সম্ভব না। সারা বছর ধরে এগুলো পড়ে থাকে। দেখার তো কেউ নেই, মেনে নিয়েই পথ চলতে হয়। মানুষের চলাচলের কথাটা অন্তত ঠিকাদার, বাড়ির মালিক ও ব্যবসায়ীদের মাথায় রাখা উচিত।
১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান বলেন, ‘জরিমানা করার ক্ষমতা না থাকায় এসব সরানোর দায়িত্ব কাউন্সিলররা সঠিকভাবে পালন করতে পারছেন না। আমি জোর করে সরাতে গেলে বাড়ির মালিকেরা হয়তো আমার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আনবে।’