সড়ক দুটি হকারদের দখলে, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার অনেকখানি দখলে নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে রাস্তা সরু হয়ে যানজট লেগেই থাকছে সিলেট নগরের বন্দরবাজার এলাকায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাস্তার অনেকখানি দখলে নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে রাস্তা সরু হয়ে যানজট লেগেই থাকছে সিলেট নগরের বন্দরবাজার এলাকায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ফুটপাতের পাশাপাশি আবারও দখল হয়ে গেছে সিলেট নগরের প্রধান দুটি সড়কের অর্ধেক অংশ। এতে প্রতিদিনই অসহনীয় যানজটের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। স্থানীয় লোকজনের অভিযোগ, অবৈধভাবে হকাররা দোকানপাট গড়ে তোলায় প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসমুখী মানুষসহ পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এ দুটি এলাকার ফুটপাত দখলের পাশাপাশি প্রধান সড়কের প্রায় অর্ধেক অংশ হকাররা দখল করে নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের বেচাকেনার কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। এ ছাড়া দখলের কারণে সড়কটি সরু হয়ে প্রশস্ততা কমে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র যানজট।

বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কথা হয় ভুক্তভোগী পাঁচজন পথচারীর সঙ্গে। তাঁরা জানিয়েছেন, এ দুটি এলাকার সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এ সড়ক মাড়িয়েই আদালত প্রাঙ্গণ, সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, কোতোয়ালি থানা, জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। তাই ফুটপাত ও সড়ক বেদখল হয়ে পড়ায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট লেগে থাকে।

নাগরিক জোট সিলেটের আহ্বায়ক এবং বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের মুঠোফোন ব্যবসায়ী হুমায়ুন চৌধুরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলেন, আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর যানজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এর অংশ হিসেবে তিনি ফুটপাত দখলমুক্ত করেছিলেন এবং কোনো হকারকে তিনি সড়কে বসতে দেননি। কিন্তু তিনি কারাগারে যাওয়ার পর পুনরায় ফুটপাত ও সড়ক বেদখল হয়ে পড়েছে। অথচ তা নিরসনে সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সিএনজিচালিত অটোরিকশার দুজন চালক বলেন, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় আড়াই থেকে তিন কিলোমিটার অংশে ফুটপাত রয়েছে। এর সমস্ত অংশই বেদখল হওয়ার পাশাপাশি সড়কগুলোর নানা অংশ হকাররা দখলে নিয়েছেন।

বেলা আড়াইটায় সাবুল মিয়া নামের এক পথচারী বলেন, ‘সাধারণত কোতোয়ালি থানা থেকে বন্দরবাজার হয়ে জিন্দাবাজার যেতে ১০ মিনিট সময় লাগে। কিন্তু যানজটে আধা ঘণ্টা ধরে আটকা পড়ে আছি। যেতে যেতে প্রায় পৌনে এক ঘণ্টা লাগবে। এর চেয়ে হেঁটে গেলেই ভালো হতো!’

সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমেদ বলেন, পুলিশের পক্ষ থেকে এ দুটি এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। অভিযানের পর পুলিশ স্থান ত্যাগ করার কিছু সময়ের মধ্যেই পুনরায় হকাররা ফুটপাত ও সড়ক দখল করে ফেলেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা দুটি নগরের খুবই গুরুত্বপূর্ণ এলাকা, তাই এখানে আমাদের নজরদারিও বেশি রয়েছে। প্রায়ই হকারদের উচ্ছেদে সিটি করপোরেশন অভিযান চালায়। কিন্তু অভিযানের কিছু সময় পর হকাররা আবার স্বস্থানে পসরা বসান। তাই হকারদের স্থায়ীভাবে উচ্ছেদের ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’