সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে এক নারী ও গাজীপুরে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: নিহত কর্মকর্তা হলেন থারমেক্স গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ রায় (৪৮)। কাঁচপুর হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, বিশ্বজিৎ রায় প্রাইভেট কারে তাঁদের প্রতিষ্ঠান নরসিংদীর শিবপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়টি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বিশ্বজিৎ রায় মারা যান।
মানিকগঞ্জ: জেলার সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে বিকেলে মোটরসাইকেলের চাপায় সালেহা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবদুল বাছেদের স্ত্রী।
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় সকাল সাড়ে সাতটায় বাসের চাপায় সফিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিন্না গ্রামের মফিজুল ইসলাম তালুকদারের ছেলে।