মেহেরপুরের গাংনী উপজেলায় বেশ কয়েকটি নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি রাস্তা নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হচ্ছে। তা ছাড়া সংস্কারকাজে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হচ্ছে।
বাঁশবাড়িয়া-ধানখোলা সড়কের ৪ হাজার ৫০ মিটার অংশ সংস্কারে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ১২ হাজার টাকা। কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেরপুরের জহুরুল লিমিটেড। তবে কাজটি করছেন মেহেরপুরের জাকির হোসেন নামের এক ব্যক্তি। নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, রাস্তায় ইট-বালু ভালো মানের ব্যবহার করা হচ্ছে। তবে যাঁদের কাছ থেকে এগুলো নেওয়া হচ্ছে, তাঁরা মাঝেমধ্যে এক নম্বর ইটের মধ্যে কিছু খারাপ ইট দিচ্ছেন।
বাশঁবাড়িয়া গ্রামের চাষি মতলেব আলী বলেন, খারাপ ইট দিয়ে রাস্তা করা হচ্ছে। সামনে বর্ষায় সব উঠে যাবে। এত খারাপ রাস্তা করার কী দরকার?
ধানখোলা-খড়মপুর ১ হাজার ৫০০ মিটার নতুন সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ ১৯ হাজার ১০০ টাকা। কাজটি পেয়েছেন চুয়াডাঙ্গার আশরাফ উদ্দীন ঠিকাদার। মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি পরিচয় জানার পর সংযোগ কেটে দেন। এরপর চেষ্টা করে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিত্যানন্দপুর মোড় থেকে খড়মপুর ৮০০ মিটার সড়ক নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৪৬ হাজার টাকা। বানিয়াপুকুর-কাষ্টদহ ৬০০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। ঠিকাদার জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম।
চিৎলা-যুগিন্দা সড়কের ৫৮০ মিটার নতুন সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৯৫ হাজার টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেরপুরের জনি এন্টারপ্রাইজ। কেইবি মোড় থেকে দুলালনগর ৬৬১ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৭৫ হাজার টাকা। ঠিকাদার বজলু এন্টারপ্রাইজ কাজ পেলেও তা বাস্তবায়ন করছেন পান্না ইটভাটার মালিক শান্ত মিয়া ও ধানখোলা গ্রামের আবদুল ওহাব।
এ ছাড়া ওই উপজেলার নিত্যানন্দপুর মোড় থেকে খড়মপুর, মুন্দা থেকে বাদিয়াপাড়া, বানিয়াপুকুর থেকে কাষ্টদহ, সাহেবনগর মোড় থেকে হাড়াভাঙ্গা, মাইলমারী বিলপাড়াসহ আরও কয়েকটি নতুন রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে। অপরদিকে পর্যাপ্ত বালু না দেওয়া ও কাদামাখা বালু দিয়ে দেদার চলছে রাস্তা নির্মাণ। শ্রমিকেরা বলছেন, ঠিকাদার যে রকম ইট-বালু দিচ্ছেন, তা দিয়েই তাঁদের রাস্তা নির্মাণ করতে হচ্ছে।
কেইবি মোড় থেকে চাঁদপুর-দুলালনগর রাস্তা নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে সস্তা বিটুমিন। ঠিকাদারের দরপত্রের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিটুমিন দেওয়ার কথা। ওই সড়কের নির্মাণকাজে নিয়োজিত সদর উপজেলার চাঁদবিল গ্রামের শ্রমিক রমজান আলী বলেন, এখানে বিপিসি বিটুমিন ৪ ব্যারেল এবং ইরানি বিটুমিন রয়েছে ১২ ব্যারেল। নিম্নমানের বিটুমিন কেন ব্যবহার করছেন, জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার যা দিয়েছেন তা দিয়েই কাজ করছেন।
জানতে চাইলে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, চলতি সপ্তাহে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় গাংনী উপজেলার সড়কগুলোয় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বলা হয়েছে। কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারা অত্যন্ত দুঃখজনক। নিম্নমানের বিটুমিন দেওয়ার খবর পেয়ে গত সোমবার রাতে এলজিইডি মেহেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে অবহিতও করা হয়।
মেহেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দ্দার বলেন, নিম্নমানের ইট ও বিটুমিন দেওয়ায় রাস্তা নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
দরপত্রের চুক্তির শর্ত অনুযায়ী, রাস্তার কাজ ঠিকঠাকমতো বুঝে নেওয়ার দায়িত্বে রয়েছেন এলজিইডির উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তোহিদুল ইসলাম, আবদুর রহিম, সামসুল আলমসহ কয়েকজন। নিম্নমানের সামগ্রী দিয়ে কীভাবে রাস্তা নির্মাণ হচ্ছে জানতে চাইলে তাঁরা বলেন, সাধ্যমতো কাজ বুঝে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।