সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পে একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সড়কের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতনকান্দি ইউনিয়নে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টে (এলজিএসপি) ৪ লাখ ৫০ হাজার টাকায় ভেওয়ামাড়া পাকা রাস্তা থেকে শরীফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। এর তত্ত্বাবধানে রয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি)। প্রাক্কলন অনুযায়ী সুরক্ষা প্রাচীর (গাইড ওয়াল) নির্মাণ করে রাস্তায় বালু ফেলে ইট বিছিয়ে রডসহ কংক্রিটের ঢালাই করতে হবে। কিন্তু তা না করে শুধু মাটির ওপর পলিথিন বিছিয়ে গুটিকয়েক রড বিছিয়ে ঢালাই করা হচ্ছিল। এ বিষয়ে গত বৃহস্পতিবার এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে। উপজেলা প্রকৌশলী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং কাজ বন্ধের নির্দেশ দেন।
রতনকান্দি ইউপির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, ‘অন্য একজনকে এ কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় দেখাশোনা করতে পারিনি। ওই ব্যক্তি ভুলবশত এ রকম কাজ করেছে। এক-দুই দিনের মধ্যে সবকিছু ভেঙে নিয়মমাফিক কাজ করা হবে।’
সদর উপজেলা প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, গাইড ওয়াল নির্মাণ ছাড়াই সরাসরি মাটির ওপর পলিথিন বিছিয়ে ছয় ইঞ্চির পরিবর্তে তিন ইঞ্চি ঢালাই করা হচ্ছিল। নিয়মমাফিক না হওয়ায় কাজটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে নিয়মানুযায়ী কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ইউএনও ব্রেনজং চাম্বুগং বলেন, অনিয়মের অভিযোগে রাস্তার কাজ স্থগিত রাখা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে উপস্থিত রেখে ঢালাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।