সড়ক-মহাসড়কে নছিমন ইজিবাইক চালাচ্ছে শিশুরা
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়ক-মহাসড়কে ঝুঁকি নিয়ে শিশু-কিশোরদের নছিমন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চালাতে দেখা যাচ্ছে। শিশুদের এ কাজ থেকে বিরত রাখার জন্য প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হচ্ছে না।
শিশু চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ২৩ জানুয়ারি ঈশ্বরগঞ্জের পাড়া বাঁশহাটি গ্রামে ঈশ্বরগঞ্জ-মধুপুর সড়কে শিশু চালক আনাছ মিয়ার (১০) ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা যায় আরেক শিশু মনি আক্তার (৫)।
সম্প্রতি এক দিন সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি সড়ক ও স্ট্যান্ডে অবস্থান করে অনেক শিশুকে ওই সব যান চালাতে দেখা যায়।
নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়ক দিয়ে আটজন শিশু যাত্রী নিয়ে উপজেলা সদরে আসছিল ইজিবাইকের চালক জাকির হোসেন (১২)। দেখা যায়, জাকির এক হাতে ইজিবাইক চালাচ্ছে, অন্য হাতে মুঠোফোনে কথা বলছে। এ অবস্থায়ই সে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটায়।
জাকির নান্দাইলের চানুপর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। সে বলে, তাকে এ কাজে কেউ বাধা দেয়নি।
একই সড়কের চানপুর গ্রামে পাওয়া যায় সোহেল মিয়াকে (১৩)। সে ইজিবাইক চালিয়ে পাছরুখি যাচ্ছিল। সে বলে, বাবার অনুপস্থিতিতে সে এটি চালাচ্ছে।
আচারগাঁও, শেরপুর ও খারুয়া ইউনিয়নের ছয়জন যাত্রী বলেন, এ সড়কে চলাচলকারী বেশির ভাগ ইজিবাইকের চালকের বয়স ১৮ বছরের অনেক কম। যাত্রীরা অনেকটা বাধ্য হয়ে এসব চালকের বাহনের যাত্রী হচ্ছেন।
সোনালী ব্যাংক নান্দাইল শাখার ৫০ গজ দক্ষিণে স্ট্যান্ড বসিয়ে ওই সড়কে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করেন মো. আকবর আলীসহ কয়েকজন। আকবর আলী বলেন, তিনি ও তাঁর সহকর্মীরা শিশু চালকদের একাধিকবার বাধা দিয়েছেন। কিন্তু নেতাগোছের কিছু লোকের কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।
অন্যদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল শহরের সেতুর গোড়ায়, নান্দাইল চৌরাস্তা এলাকা ও ঈশ্বরগঞ্জ শহরের সেতুর ওপর স্থাপন করা ইজিবাইক স্ট্যান্ডে দেখা যায়, শিশু চালকেরা যাত্রী বোঝাই করে ইজিবাইক চালিয়ে বিভিন্ন সড়কে ছুটে চলছে।
এ বিষয়ে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, তিনি লাইসেন্স পরিদর্শককে নির্দেশ দিয়েছেন শিশু চালকদের এসব যানবাহনের লাইসেন্স না দিতে। এ ছাড়া তিনি শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, তিনি বিষয়টি দেখবেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, পুলিশ যখন টহলে থাকে তখন শিশুদের যানবাহন চালাতে দেখলে থামিয়ে দেওয়া হয়। তবে এ কাজ থেকে শিশুদের পুরোপুরি বিরত রাখতে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ভূমিকার প্রয়োজন রয়েছে।