সড়ক সম্প্রসারণ কাজে অনিয়মের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি সড়কে মেরামত ও সম্প্রসারণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সড়কটিতে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত কসবা-কুটি বাজার সড়কের মেরামত ও সম্প্রসারণ কাজের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ দেয় সওজ। বাগেরহাটের মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। দরপত্র অনুযায়ী সড়কটির দুই পাশেই তিন ফুট করে ছয় ফুট গর্ত করে বালু-পাথর ফেলে তার ওপর কার্পেটিং করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি কসবা পৌরসভার শাহপুর গ্রাম এলাকায় আধা কিলোমিটার সড়কে এক পাশে কোনো কাজই করেনি।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রাক্কলন অনুযায়ী ঠিকঠাকই কাজ হচ্ছে। অবশ্য ‘ভুলবশত’ একটা জায়গায় মাটি কাটা হয়নি।
অনিয়মের বিষয়টি প্রথমে এলাকাবাসীর নজরে আসে। এরপর শাহপুর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন, মানিক চৌধুরী ও আলমগীর ৮ মে ইউএনওর মাধ্যমে সওজের প্রধান প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দেন। এরপর ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম।
ইউএনও বলেন, তিনি সরেজমিনে রাস্তাটি দেখেছেন। সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির কাজের মান না দেখা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর দেওয়া অভিযোগটি সওজের প্রধান প্রকৌশলীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, রাতের বেলায় কাজ করছিল ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজে কিছু ত্রুটি ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করে কাজের মান ঠিক করবে। তারপরই কাজ শুরু হবে।