সড়কে অবৈধ বাসস্ট্যান্ড, মানুষের দুর্ভোগ
নারায়ণগঞ্জ নগরের নবাব সলিমুল্লাহ সড়কের দুই পাশে নারায়ণগঞ্জ-মিরপুর রুটে চলাচলকারী হিমাচল পরিবহনের বাসের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে সড়কের পাশের স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা গেছে, নবাব সলিমুল্লাহ সড়কে মেট্রো সিনেমা হলের মোড় থেকে ডন চেম্বার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে হিমাচল পরিবহনের বাসস্ট্যান্ড করা হয়েছে। এখানে কাউন্টার বানিয়ে যাত্রী নিয়ে বাস যাচ্ছে ঢাকার মিরপুরের উদ্দেশে। এখানে জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরের স্কুল, সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, বিআইডব্লিউটিসির জাহাজবহরের কর্মচারীদের বিশ্রামাগার, মেডিস্টার ক্লিনিক ও বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে।
একটি আবাসিক ভবনের বাসিন্দা গৃহবধূ রানী দে বলেন, আগে তাঁদের বাসার সামনে ফুটপাতে রিকশা থামত। এখন ফুটপাতের পাশের রাস্তায় হিমাচল পরিবহনের বাসস্ট্যান্ড গড়ে ওঠায় অনেক দূর হেঁটে রিকশায় উঠতে হয়।
সিটি করপোরেশনের ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটাচলাও প্রায় বন্ধ হয়ে গেছে। হিমাচল পরিবহনের কাউন্টার ও অফিস রাস্তার ফুটপাত দখল করে বসানো হয়েছে। গভীর রাতে বাসের শ্রমিকেরা হইচই করে আড্ডা দেওয়ায় খুব সমস্যা হয়।
বিআইডব্লিউটিসির জাহাজবহরের কর্মচারীদের বিশ্রামাগারের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসস্ট্যান্ডকে ঘিরে রাতের বেলায় মাদকের আড্ডা জমে। তাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায় না।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক বদরুল আলম মোল্লা বলেন, নবাব সলিমুল্লাহ সড়কে হিমাচল পরিবহনের কাউন্টার ও স্ট্যান্ড বিনা অনুমতিতে গড়ে তোলা হয়েছে।
হিমাচল পরিবহনের কাউন্টার পরিচালনাকারী সাইফুল বলেন, এখানে কাউন্টার বসানোয় কারও কোনো অসুবিধা হচ্ছে না।