সড়কে অবৈধভাবে নামফলক বসানোর অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ-নোয়াপাড়া-পদুয়া খাল সড়কে অবৈধভাবে এক ব্যক্তির নামে নামফলক বসানোর অভিযোগ পাওয়া গেছে। নামফলক বসানোর কারণে স্থানীয় গ্রামবাসী ও ওই সড়কের নির্মাণকারী পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ওই নামফলক অপসারণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন ১০ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘সড়কটিতে কে বা কারা নামফলক বসিয়েছে জানি না। এলাকাবাসী বিষয়টি আমাকে জানিয়েছেন। এটি অবৈধভাবে করা হয়েছে।’
উপজেলা প্রশাসন ও গ্রামবাসী সূত্র জানায়, পাতানিশ থেকে পদুয়া খাল পর্যন্ত সড়কটি দেড় কিলোমিটার। এর মধ্যে নোয়াপাড়া পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক হাটিলা (পশ্চিম) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মরহুম জয়নাল আবেদীন মজুমদার নির্মাণ করেন। পরে বিভিন্ন সময় সড়কটি সরকারি অনুদান পায়। গত ২৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সড়কটি পাকাকরণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল খন্দকার বিষয়টি টের পেয়ে আবদুল মালেক পাটওয়ারীর নামে সড়কটিতে একটি নামফলক বসান।
মুক্তিযোদ্ধা আবদুল মালেক পাটওয়ারী বলেন, ‘ইউপি সদস্য দুলাল খন্দকারসহ এলাকাবাসী সম্মান দেখিয়ে আমার নামে সড়কের নামকরণ করেছেন।’ হাটিলা পশ্চিম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল খন্দকার বলেন, ‘সড়কে নামফলক লাগানো বা নামকরণের বিষয়ে আমি কিছু জানি না। ’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগামী সভায় ওই সড়কের নামকরণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।