সড়কে গণডাকাতি, উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়িসহ যাত্রীবাহী বেশ কিছু যানবাহনে গণডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় উপেজলা চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।
গত সোমবার রাত প্রায় পৌনে ১২টার দিকে গোয়াইনঘাটের সালুটিকরের ধামাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে সোমবার রাতেই সালুটিকর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে গোয়াইনঘাট থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাতদের কাউকে ধরতে পারেনি।
উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী জানান, তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে সোমবার রাতে সিলেট নগর থেকে নন্দীরগাঁও গ্রামে তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সালুটিকর বাজার থেকে এক কিলোমিটার দূরবর্তী দামারি হাওর এলাকায় ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতেরা সিএনজিচালিত ১১টি অটোরিকশার যাত্রীদের টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। রাতেই সাংবাদিক এম এ মতিন, গাড়িচালকসহ তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের হাতে ও মাথায় ইটপাটকেল ছোড়ার জখম রয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, আহত উপজেলা চেয়ারম্যান ও এম এ মতিনকে সালুটিকর ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গোয়াইনঘাট থানা পুলিশ ও সালুটিকর পুলিশ ফাঁড়ির সদস্যদের দুটি দল ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
উপজেলা চেয়ারম্যানের গাড়িসহ যাত্রীবাহী যানবাহন আটকে ডাকাতির ঘটনায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সালুটিকর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে রাতারগুল নৌকা শ্রমিক ও গোয়াইনঘাট নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়।