সড়কে গরু আটকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়কে গরু আটকে চাঁদাবাজির ঘটনায় গত রোববার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সদরে সপ্তাহে দুদিন—শনি ও মঙ্গলবার হাট বসে। উপজেলার শিলখুড়ি, পাথরডুবি ও তিলাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা বিক্রির জন্য ওই হাটে গরু নিয়ে যান। তখন সড়কের বিভিন্ন স্থানে গরু আটকে একটি চক্র টাকা আদায় করে। সড়কে গরু আটকে চাঁদাবাজির অভিযোগে গত রোববার রাতে উপজেলার মইদাম গ্রামের আবুল বাশার পাঁচজনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। রাতেই ওই গ্রামের ইউসুফ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, রোববার উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের আবদুল হক ও ময়নাল হক পাঁচটি গরু নিয়ে ভূরুঙ্গামারী হাটে আসছিলেন। মইদাম গ্রামে আসার পর শরিফুল কবিরের নেতৃত্বে কয়েক বখাটে গরু আটকে চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা মারধর করে গরু পাঁচটি নিয়ে যায়।
আবুল বাশার অভিযোগ করেন, গত শনিবার তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল হক শাহীন শিকদার গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের দিয়ে ৮০টি গরু আটক করিয়েছিলেন। ইউপি কার্যালয়ে গরু নিয়ে তাঁরা টাকা দাবি করেছিলেন। পরে পাশের আরেক ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছিল।
এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহীন শিকদার বলেন, ‘আমি গরুগুলো আটক করিনি। বরং সেগুলো ছেড়ে দিতে সহযোগিতা করেছি।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কিছু বখাটে গরু আটক করে টাকা আদায় করছে বলে বিভিন্ন সূত্রে জেনেছি। থানায় মামলা হওয়ায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’