সড়কে ঢুকলেই টোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের রাস্তায় ঢুকলেই টোল দিতে হচ্ছে যানবাহনকে। অথচ এই সড়কটি বাণিজ্য মেলা এলাকার মধ্যেই পড়ে না। অভিযোগ আছে, বাণিজ্য মেলার নামে আশপাশের সব সড়কে চলাচলকারী যানবাহনকে টোল দিতে হচ্ছে। শুধু তা-ই নয়, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগও আছে।
গতকাল বিকেল চারাটার দিকে সরেজমিনে দেখা যায়, একটি খাদ্য প্রস্তুতকারী কোম্পানির মালবাহী যান র্যা ব-২-এর কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশে গাড়ি পার্কিংয়ের সামনে এলে গাড়িটি থামিয়ে দেন টোল আদায়ের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য। তিনি যানের চালককে বলেন, এ রাস্তা দিয়ে যেতে চাইলে ১০০ টাকার টিকিট কেটে যেতে হবে। গাড়িচালক জাকির কাজী অনেক তর্কবিতর্ক করে টিকিট কাটার পরই যেতে পারেন। অন্য এক গাড়িচালক মো. সোহেল অভিযোগ করেন, গাড়ি ঘুড়িয়ে যেতে চাইলে তাঁকে যেতে দেওয়া হয়নি।
বাণিজ্য মেলার টোল আদায় করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। রাস্তায় চলাচলের ব্যাপারে আগেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোটরবাইক, সিএনজিচালিত অটোরিকশার জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। জিপ, মাইক্রোবাস ও নিজস্ব গাড়ির জন্য টোল নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। ভারী যানবাহনের জন্য টোল ৫০ টাকা। সকাল সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে টোল আদায়। তবে সংরক্ষিত যানবাহন চলাচলের জন্য কোনো টোল দিতে হবে না।
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল আহমেদ বলেন, ‘মেলায় আসা যানবাহন থেকেই কেবল টোল আদায় করা হচ্ছে। যদি কোনো যানবাহন এ রাস্তা ব্যবহার করতে চায়, তবে তাকেও টোল দিতে হবে। যদি ব্যবহার করতে না চায়, তাহলে তাকে কোনো প্রকার টোল দিতে হবে না।