সড়কে ধানমাড়াই, ঘটছে দুর্ঘটনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন সংযোগ সড়কগুলোতে ধানমাড়াই এবং ধান ও খড় শুকানো হচ্ছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। খড় বিছিয়ে রাখায় গত ১৫ দিনে দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, সড়কের ওপর ধানমাড়াই, খড় বিছিয়ে শুকানো ও খড়ের গাদা তৈরি করে সড়কের ধারে রেখে দেওয়ার প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দিয়েছে। চিঠিতে সড়কের ওপর ধানমাড়াই, ধান ও খড় রাখা নিষিদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে জনগণকে সতর্ক করতে বলা হয়েছে।
বৈরচুনা ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী জানান, বিষয়টি তিনি অতীব জরুরি হিসেবে নিয়ে ইউপি সদস্যদের নিজ নিজ ওয়ার্ডে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সড়কের ওপর ধানমাড়াই করতে দেখে ৬ জুন পর্যন্ত সড়ক থেকে ধানমাড়াই যন্ত্র সরিয়ে নিতে সাতজন কৃষককে বাধ্য করা হয়েছে।
কিন্তু গত শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে, পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের গনিরহাট ও শেখপাড়া, পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের গুয়াগাঁও, মশালডাঙ্গী ও ফুটকীবাড়ি সেতুর ওপর, গোগর-ফাটারহাট-চন্দরিয়া-বৈরচুনা, পীরগঞ্জ-কাতিহার ও জাবরহাট-বৈরচুনা, কেউটগাঁও মোড়-গোদাগাড়ী-চৌরঙ্গী, পীরগঞ্জ পেট্রলপাম্প-হাজিপুর ও সেনগাঁও বোর্ড-ফকিরগঞ্জ সড়কসহ শতাধিক স্থানে ধানমাড়াই ও ধান-খড় শুকানো হচ্ছে।
সেনগাঁও বোর্ড-ফকিরগঞ্জ সড়কের ওপর ধানমাড়াইয়ে ব্যস্ত সেনগাঁও গ্রামের সুশেন চন্দ্র রায় বলেন, ‘হামরা ছোট কৃষক, হামার বাড়িত ধান মাড়িবার জায়গাও নাই, চাতালও নাই। কী করিমো, রাস্তা ছাড়া হামার কোনো উপায় নাই। রাস্তা না থাকিলে হামার ধানমাড়াই বন্ধ হয়ে যাবে।’ একই সমস্যার কথা বলেন মল্লিকপুর গ্রামের আব্বাস আলী, চান্দোহর গ্রামের তৈয়ব আলীসহ আরও অন্তত সাতজন কৃষক।
এলাকাবাসী সূত্র জানায়, সড়কের ওপর বিছিয়ে দেওয়া খড়ের ওপর চলন্ত মোটরসাইকেল পিছলে গিয়ে গত ১৫ দিনে আহত হয়েছেন পাঁচজন চালক ও আরোহী। এ ছাড়া ১ জুন বিকেলে বৈরচুনা হয়ে দিনাজপুর যাওয়ার পথে খড়ের ওপর মোটরসাইকেল পিছলে যাওয়ায় পারঘাটা সেতুর ওপর পড়ে আহত হন বাজনাহার গ্রামের সাইফুল ইসলাম (৩৪)। গত ৩০ মে দুপুরে মল্লিকপুর কান্দরের পাশের সড়কে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিছলে গিয়ে নেকমরদ গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন (৩৮) আহত হন। একইভাবে ২৫ ও ২৭ মে এবং ৩ জুন গোগর-ফাটারহাট, বৈরচুনা-চন্দরিয়া ও পীরগঞ্জ-কাতিহার সড়কে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জের ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওপর ধানমাড়াই ও খড় বিছিয়ে শুকানো এবং সড়কের দুই পাশে নিকড়ির (একপ্রকার ঘাস) আবাদ হওয়ার কারণে সড়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা সড়ক নিরাপদ করার জন্য এসব কাজ বন্ধ করার উদ্যোগ নিয়েছি।’