
ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিল গত ফেব্রুয়ারিতে। মিরপুর ১০ নম্বর বি-ব্লকের সড়কের ওপরে থাকা বাজারটি তখন উচ্ছেদ করা হয়। তিন মাস না যেতেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুমতি নিয়ে বসেছে সেই বাজার।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ নম্বরের এ, বি, সি ব্লক ও এর আশপাশে কোনো কাঁচাবাজার নেই। এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে ৩৬টি দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার দেখা যায়, বি-ব্লকের ফকিরবাড়ি লেনের সেনপাড়া-পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একপাশ থেকে শুরু করে আবু তালেব বিদ্যালয়ের সীমানার কাছাকাছি পর্যন্ত সড়কের একপাশে সারি সারি দোকান। শাক-সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, ফলমূল—সবকিছুর দোকানই আছে এই কাঁচাবাজারে।
দোকানদার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাজারটি সড়কের অনেকটা অংশজুড়ে দীর্ঘদিন ধরে ছিল। গত ফেব্রুয়ারি মাসে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির সময় বাজারটি উচ্ছেদ করা হয়। গত মাসের শেষের দিকে বাজারটি ছোট পরিসরে আবার বসে।
বাজারের একাধিক দোকানদার বলেন, সড়কের পাশে ঠিক চার ফুট জায়গা মেপে দেওয়া হয়েছে। এই জায়গার বাইরে বাজারের কোনো দোকান না বসানোর জন্য বলা হয়েছে। আগে বাজারটি সড়কের আরও অনেকখানি জুড়ে বসত। এবার দোকান বসাতে কাউকে কোনো টাকা দিতে হয়নি এবং দীর্ঘদিন ধরে যাঁরা ব্যবসা করছেন, তাঁদেরকেই বসতে দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল ১০টা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। মাঝের সময়টি বাজারের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে গতকাল দেখা যায়, বাজারের সব দোকান সারাক্ষণই খোলা থাকে।
সড়কে বাজার বসানো নিয়ে এলাকাবাসীর মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আশপাশে বাজার না থাকায় ছোট পরিসরে এই বাজার থাকার পক্ষে।
বি-ব্লকের ১ নম্বর লেনের বাসিন্দা আবু হায়দার বলেন, ‘বাসার সামনে বাজার হলে সবার সুবিধা হয়। আবার রাস্তায় এভাবে বাজার বসলে হাঁটাচলারও অসুবিধা। দুই দিকেই ঝামেলা আছে।’
জানা যায়, এই বাজারের দোকানদারেরা অনেক বছর আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে একটি বাজারে বসতেন। ৮-১০ বছর আগে ওই বাজার ভেঙে দেওয়ার পর থেকে ব্যবসায়ীরা এখানে সড়কে অস্থায়ী বাজার গড়ে তুলেছেন। এই ব্যবসায়ীরা নিজেরা সিমতির মাধ্যমে একটি বাজার ভবন নির্মাণের কাজ শুরু করেছেন।
কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, শৃঙ্খলা না রাখলে, সড়ক নিয়মিত পরিষ্কার না করলে দোকানগুলো তুলে দেওয়া হবে। ৩৬টির বেশি দোকান তুলতে দেওয়া হবে না।