সড়কে শতাধিক গাছের অংশ যান চলাচল ব্যাহত

রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী-বালুয়ামাসিমপুর সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া শতাধিক গাছের অংশ এখনো সরানো হয়নি। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে জেলা পরিষদের আওতাধীন ওই সড়কের দুইধারে শঠিবাড়ী হয়ে বালুয়ামাসিমপুর পর্যন্ত বেসরকারি সংস্থা আরডি-৯ প্রকল্পের সহযোগিতায় ছয়টি সমিতির শতাধিক উপকারভোগী সদস্য ওই গাছ লাগান। গাছের রক্ষণাবেক্ষণ করছিলেন উপকারভোগী সদস্যরাই। পরে প্রকল্পের মেয়াদ শেষ হলে গাছ তদারকের দায়িত্ব দেওয়া হয় বিআরডিবিকে। গাছ বিক্রি করে বিধি মোতাবেক ৬৫ ভাগ টাকা পাবেন সমিতিভুক্ত উপকারভোগী সদস্যরা, ১০ ভাগ বিআরডিবি ও ২৫ ভাগ জেলা পরিষদ।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মাসখানেক আগে রাতে কালবৈশাখী ঝড়ে ওই সড়কের দুইধারের শতাধিক রেইনট্রি-কড়ইগাছ উপড়ে পড়ে। পরদিন সকালে এলাকার কয়েকজন কিছু গাছ ও গাছের ডালপালা কেটে নিয়ে যান। ওই সময় উপকারভোগী সদস্যরা কিছু গাছ ও ডালপালা আটক করে স্থানীয় ধাপ উদয়পুর বাজারের পাশে জড়ো করেন। খবর পেয়ে স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপড়ে পড়া অন্তত ২০টি গাছ সড়ক থেকে কেটে ইউপি মাঠে আনেন। পরে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উদয়পুর বাজার থেকে জড়ো করা গাছ আনতে গেলে বাধা দেন উপকারভোগী সদস্যরা। পরে ইউপি সদস্য রজ্জব আলী মণ্ডল গাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে ধাপশ্যামপুর বটেরচরা উজ্জ্বল দলের উপকারভোগী পাঁচ সদস্যের নামে থানায় মামলা করেন।
উপকারভোগী ওইদলের দলনেতা সিরাজুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যান-সদস্যরা অন্তত ২০টি গাছ নিয়ে অধিকাংশই গোপনে বিক্রি করেন। প্রায় ১৮ বছর ধরে গাছ লাগিয়ে তখন থেকে আমরা দেখাশোনা করছি। এই গাছে চেয়ারম্যান-মেম্বারদের অধিকার নেই। বাধা দেওয়ায় এক ইউপি সদস্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।’
ইউপি সদস্য রজ্জব বলেন, ‘সড়কের ওপরে পড়ে থাকা গাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আনতে গেলে উপকারভোগী সদস্যরা বাধা দেন ও কিছু গাছ ছিনিয়ে নেন। তাই চেয়ারম্যানের নির্দেশে পাঁচজনের নামে মামলা দিয়েছি।’
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গাছের মালিকানা নিয়ে উপকারভোগী সদস্য, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে গাছগুলো সড়ক থেকে সরানোর দায়িত্ব কেউ নিচ্ছে না।
ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, রাস্তায় উপড়ে পড়া গাছগুলো সরাতে বলেছিলেন ইউএনও। তাঁর নির্দেশ পালন করতে গিয়ে বাধা দেওয়ায় মামলা করা হয়েছে।
বিআরডিবির কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, মামলা হওয়ার পর থেকে কেউ সড়কের ওপরে পড়ে থাকা গাছগুলো সরাতে সাহস পাচ্ছেন না।
ইউএনও মামুন-অর-রশীদ বলেন, রাস্তার গাছগুলো নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
রংপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ফজলার রহমান বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।’