সড়কে সাবেক যুবলীগ নেতার বালুর ব্যবসা
সুনামগঞ্জের ধরমপাশা থানার ফটক থেকে প্রায় ৩০ ফুট দূরে সড়কের একাংশ দখল করে বালুর স্তূপ করা হয়েছে। সেখানে প্রায় এক মাস ধরে বালু কেনাবেচা হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় যুবলীগের এক সাবেক নেতা এই বালুর ব্যবসা করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ঠিকাদার নাদির আহমেদ এ বালুর ব্যবসা করছেন। তাঁর বাসা সদর ইউনিয়নের ধরমপাশা গ্রামে। তাঁর নিয়োজিত লোকজন নৌকায় করে বালু এনে সড়কের পাশে ফেলে রাখেন। এ কারণে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই এ সড়ক সরু, এরপরও প্রায় অর্ধেক অংশে বালুর স্তূপ থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে সমস্যা হচ্ছে। বাতাস বইলে বালু উড়ে এসে পথচারীদের নাকেমুখে লাগে।
এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও নাদির আহমেদকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, জনদুর্ভোগ কমাতে শিগগির ওই বালুর স্তূপ সরানো দরকার। কিন্তু নাদির ক্ষমতাসীন দলের নেতা। এ কারণে এ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। নীরবে দুর্ভোগ পোহাচ্ছেন।
জানতে চাইলে ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, সড়ক দখল করে জনগণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি। খুব শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।