
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর ট্রাফিক সংকেতে টঙ্গী সেতুর আগে খন্দকার সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে থেকে সেতুতে ওঠার আগ পর্যন্ত মহাসড়ক ও ফুটপাত দখল করে বসেছে অবৈধ বাজার। ফলে মহাসড়কের এই অংশে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
গত শুক্রবার মহাসড়কের এই অংশে গিয়ে দেখা যায়, রাস্তার কিছু অংশ ও ফুটপাত মিলে গড়ে উঠেছে ৭০টির মতো ছোট-বড় বিভিন্ন ধরনের দোকান। রয়েছে মাছ, সবজি, শুঁটকি, ফল, মাংস, ছিট কাপড়, চায়ের দোকানসহ বাহারি পণ্য বিক্রির স্থায়ী ও অস্থায়ী দোকান। সেতুর পাশের পায়ে চলা পথেও রকমারি পণ্য নিয়ে বসেছেন ফেরিওয়ালারা।
একাধিক দোকানি ও নির্ভরযোগ্য কয়েকটি সূত্রে জানা যায়, এখানে দোকানের বরাদ্দ দেওয়া হয় দুইভাবে। ব্যবসার ধরন ও আকার অনুযায়ী বিভিন্ন অঙ্কের আগাম টাকা দিয়ে স্থায়ী দোকান বসানোর অনুমতি পাওয়া যায়। ভ্রাম্যমাণ ও ফেরিওয়ালাদের জন্য রয়েছে দোকানপ্রতি দৈনিক ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা।
খোরশেদ নামে এক সবজি ব্যবসায়ী বলেন, ‘আগাম ৩৬ হাজার টাকা দিয়ে তিন মাসের জন্য বসেছি। একবারে টাকা দিলে আর দৈনিক দিতে হয় না। দোকান রাখতে হলে তিন মাস পর আবার টাকা দিতে হবে।’
আরও দুই দোকানি শিপন ও মিলনও বললেন একই কথা, ‘৪০ হাজার টাকা দিয়া দোকান বসাইছি। লাইনম্যান আছে, তার কাছে টাকা দেওন লাগে। সেই-ই সব দেখাশোনা করে।’
অবৈধ দোকান বরাদ্দের এই টাকা কে বা কারা নিচ্ছে, কারাই বা অনুমতি দিচ্ছে, সে ব্যাপারে দোকানিরা মুখ খোলেননি। ব্যবসায়ীদের কাছে বাজার নিয়ন্ত্রণকারীদের নাম-ঠিকানা জানতে চাইলে তাঁদের মুখে ও কথায় ভয়-আতঙ্কের ছাপ ফুটে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক খন্দকার সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘দোকানিদের কাছ থেকে যতটুকু শুনেছি, দু-তিনজন লোক এখান থেকে টাকা তোলে। পুলিশও টাকা নেয় বলে শুনেছি।’
মহাসড়কের এই অংশে বাজারের ভেতরে চার-পাঁচ ঘণ্টা ঘুরলেও দেখা মেলেনি লাইনম্যানের। বাজারের সঙ্গেই আবদুল্লাহপুর ট্রাফিক সংকেত মোড়। তাই এখানটায় বাসযাত্রী ও পথচারীদের ভিড় তুলনামূলক বেশি। ফুটপাত বেদখল থাকায় যানবাহনের ভিড়ের মধ্যেও ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই যাতায়াত করছেন তাঁরা।
স্থায়ী বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘লোকজন রাস্তা দিয়া যায়-আসে, গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে হাত-পা ভাঙে। ফুটপাতই তো নাই, চলবে কেমনে? ব্রিজের ওপরেও দোকান। কেউ কিছু কয় না, এইভাবেই চলতাছে।’
চারপাশ ঘুরে দেখা গেছে, নিয়মিতই বাজার ও আশপাশের এলাকার ময়লা ফেলা হচ্ছে সেতুর নিচে। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় সেতুর নিচে ও আশপাশে কয়েকটি আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। আবর্জনার কারণে তুরাগ নদের পানির দূষণ বাড়ছে। ছড়াচ্ছে দুর্গন্ধ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরের এই বাজার প্রতিদিন সকাল নয়টায় শুরু হয়। সারা দিনই থাকে জমজমাট। বন্ধ হয় রাত ১০টায়।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘জায়গাটা আসলে বর্ডারে পড়ে। টঙ্গী সেতু গাজীপুর ডিভিশনের আওতায়। সেতুর আগ থেকে আমরা দেখি। সেতুসহ আশপাশের এলাকায় মাঝেমধ্যে ভ্রাম্যমাণ বাজার বসে, এটা জানি। ওদেরকে দৌড়ানি দিলে চলে যায়। স্থায়ীভাবে বাজার বসার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমি সরেজমিনে জায়গাটিতে যাব। স্থায়ী বাজার থাকলে অবশ্যই সেটি সরানোর জন্য কার্যকর ব্যবস্থা নিব। তবে, সড়ক ও জনপথের কেউ এর সঙ্গে জড়িত নেই, এটা নিশ্চিত।’