সড়কের ওপর আ.লীগ নেতার ইটের পাঁজা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে সরোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সড়কের ওপর ইটের পাঁজা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে পাঁজা স্থাপন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পাঁজায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সরোয়ার হোসেন উপজেলার ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক। তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় সড়কের ওপর পাঁজা তৈরিতে কেউ বাধা দেননি। সড়কের ওপর পাঁজা তৈরি করায় ওই সড়ক দিয়ে পাতাকাটা গ্রামে চলাচল করতে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সরোয়ার হোসেন পাতাকাটা গ্রামে সড়কের পাশে কৃষিজমিতে ইটের পাঁজা স্থাপন করেন। ওই পাঁজায় কয়েক দফা কাঁচা ইট পুড়িয়ে ইট তৈরি করা হয়েছে। এক সপ্তাহ আগে কৃষিজমিতে জোয়ারের পানি ওঠায় ইটের পাঁজা জলাবদ্ধতার কবলে পড়ে। এরপর পাঁজার মালিক নতুন করে মাঠের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়কে একটি ইটের পাঁজা স্থাপন করেন। গত বুধবার সেখানের রাস্তাজুড়ে জ্বালানি কাঠ মজুত করে ইটের পাঁজায় আগুন দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাতাকাটা গ্রামের চার-পাঁচজন বাসিন্দা জানান, কৃষিজমিতে পাঁজা স্থাপন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতি। কিন্তু সরোয়ার হোসেন প্রভাবশালী হওয়ায় কৃষিজমিতে পাঁজা তৈরি করে ইট পোড়ালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরপর তিনি এখন মানুষের চলাচলের সড়কে ইটের পাঁজা স্থাপন করে নির্বিঘ্নে ইট পুড়িয়ে যাচ্ছেন।
পাঁজার মালিক সরোয়ার হোসেন বলেন, ‘আমার কৃষিজমিতে ইটের পাঁজায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। কয়েক হাজার কাঁচা ইট বানানো ছিল। তাই নিরুপায় হয়ে সড়কের পাশে ইট পোড়াতে হচ্ছে। তবে এতে জনসাধারণের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।’
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষিজমি, গাছপালার বাগান ও জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটের ভাটা ও পাঁজা স্থাপন করা দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া পরিবেশ অধিদপ্তর কাউকে পাঁজা স্থাপনের অনুমতি দেয় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দীপক চন্দ্র শীলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। দ্রুত সড়ক থেকে ইটের পাঁজা সরিয়ে না নিলে দু-এক দিনের মধ্যে ইটের পাঁজার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’