সড়কের গাছ মরে যাচ্ছে বিক্রি করছে চোরেরা
যশোরের কেশবপুর-ফতেপুর সড়কের দুই পাশের শিশুগাছগুলো মরে যাচ্ছে। সময়মতো কেটে না নেওয়া ও তদারকির অভাবে চোরেরা এ গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুরের উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, একধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে হয়তো গাছগুলো মারা যাচ্ছে।
জেলা পরিষদের জরিপকারী এম এ মনজুর বলেন, ‘গত মার্চের গণনা অনুসারে কেশবপুর-ফতেপুর ৮ কিলোমিটার সড়কে জেলা পরিষদের ১৩৫টির মতো শিশুগাছ ছিল। এর বেশির ভাগই এখন মারা গেছে। সরকারিভাবে সিদ্ধান্ত না হওয়ায় গাছ কাটা সম্ভব হচ্ছে না। জেলা শহরে থেকে গাছগুলো দেখাশোনা করা কঠিন। চুরির পাশাপাশি গাছ মরে রাস্তায় ভেঙে পড়ে যাচ্ছে। এমন খবর পেয়ে কয়েকটি গাছ জেলা পরিষদের ডাকবাংলোয় রেখে দিয়েছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের কয়েকটি স্থান গাছশূন্য হয়ে গেছে। কুশলদিয়া গ্রামে রাস্তার এক পাশে কোনো গাছই নেই। ওই গ্রামের আজিবর সরদার বলেন, এক বছর ধরে গাছগুলো মারা যাচ্ছে। এগুলো সুষ্ঠু তদারকির অভাবে রাতের আঁধারে একটি সংঘবদ্ধ দল কেটে নিয়ে যাচ্ছে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক বলেন, জেলা সমন্বয় কমিটির সভায় গাছগুলো মারা যাওয়ার কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক টেন্ডার করে এগুলো বিক্রি করা যাবে। দীর্ঘসূত্রতার কারণে এর মধ্যেই গাছ চুরি হলে কিছু করার নেই।