সড়কের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাশে রাস্তার জায়গা দখল করে বিএডিসির হিমাগারের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাশে রাস্তার জায়গা দখল করে বিএডিসির হিমাগারের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কের জায়গা দখল করে বিএডিসির হিমাগারের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। সওজ এবং স্থানীয় লোকজন বাধা দেওয়ার পরও এই কাজ চালিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণের কাজ করার খবর পেয়ে গত সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধা হারিছ মিয়ার নেতৃত্বে এলাকার কিছুসংখ্যক লোক ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেন। এ ব্যাপারে হারিছ মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জের রাস্তাটি প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছি। অথচ এই রাস্তাটি দখল করে প্রাচীর নির্মাণ করছে হিমাগর কর্তৃপক্ষ। তাই আমরা নির্মাণকাজে বাধা দিয়েছি।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কিশোরগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তাহের উদ্দিন বলেন, ‘প্রাচীর নির্মাণের বিষয়টি সরেজমিনে গিয়ে পরিদর্শন করে কিশোরগঞ্জের কৃষি বিভাগের উপপরিচালকের (ডিডি) সঙ্গে আলোচনা করেছি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাচীর নির্মাণের কাজ বন্ধ থাকবে।’
সওজের কর্মকর্তা কাজ বন্ধ থাকার কথা বললেও গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে শ্রীরামদী এলাকায় নির্মিত হিমাগারের পশ্চিম পাশের প্রাচীর নির্মাণের জন্য উত্তর-দক্ষিণে ৩০টি পিলার বসানোর জন্য ঢালাইয়ের কাজ চলছে। সড়ক থেকে মাত্র এক ফুট ধরে ওই স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মো. শফিকুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রাচীর নির্মাণের বিষয়ে সওজের প্রকৌশলী তাঁকে কিছু বলেননি।
বিএডিসির কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক (আলু বীজ) বদরুদ্দিন ভূইয়া বলেন, ‘রাস্তাবরাবর প্রাচীর নির্মাণ করা হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা ভেবেই হিমাগারের প্রাচীর নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন পিলার সরিয়ে রাস্তা থেকে ১০ ফুট ভেতরে নেওয়া হবে।’
জানা যায়, কৃষকদের মাঝে মানসম্পন্ন বীজ সরবরাহের লক্ষ্যে উপজেলার শ্রীরামদী এলাকায় তিন একর জমিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি হিমাগার ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ চলছে। এর ধারণক্ষমতা ২ হাজার মেট্রিক টন। গত বছরের ২৮ মার্চ কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিন এর নির্মাণকাজ উদ্বোধন করেন।