সড়কের দুই ধারে আবর্জনা ফেলছে ভৈরব পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ এখন ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করছে পৌর কর্তৃপক্ষ। এ কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিকার পেতে মানববন্ধন কর্মসূচি ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে শহরবাসী।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, পরিচ্ছন্নতাকর্মীরা বাজার ও কলকারখানার বর্জ্য গাড়িতে করে এনে রাতের অন্ধকারে সড়কের পাশে ফেলে চলে যান।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রবেশমুখ ভৈরব দক্ষিণপাড়া সড়ক, রেলওয়ে স্টেশন, পলাশ সিনেমা, গাছতলাঘাট, কলেজ, বঙ্গবন্ধু সরণি, ঘোড়াকান্দা সড়কগুলোর দুই পাশে ময়লার স্তূপ। উপজেলা সদর, ব্যবসাকেন্দ্র, নৌবন্দর কিংবা পৌর পরিষদে যেতে এ সড়কগুলোর কোনো একটি ব্যবহার না করে উপায় নেই।
গাছতলাঘাট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের সেতুর দুই পাশে আবর্জনার স্তূপ উঁচু ঢিবিতে পরিণত হয়েছে। সড়কটি উপজেলার দুটি ইউনিয়ন শিমুলকান্দি ও শ্রীনগরের সঙ্গে উপজেলা সদরকে যুক্ত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও সড়কটি ব্যবহার করতে হয়। ঘোড়াকান্দায় দেখা যায়, কিছুটা দূরে দূরে আবর্জনার স্তূপ। স্থানীয় লোকজন বলেন, কয়েক মাস ধরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এ সড়কে আবর্জনা ফেলছেন।
২২ অক্টোবর নাক চেপে রিকশা করে রেলওয়ে স্টেশন সড়ক দিয়ে ঘোড়াকান্দার মহল্লার বাড়ি ফিরছিলেন স্থানীয় শিশু সংগঠক এস এম বাকী বিল্লাহ। তিনি বলেন, আশা ছিল সড়কের দুই পাশে নানা জাতের গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়ানো হবে। কিন্তু তাঁর বদলে দুর্গন্ধ পার হয়ে ঘরে ফিরতে হচ্ছে।
এদিকে স্থানীয় তরুণেরা একত্রিত হয়ে পরিচ্ছন্ন শহরের দাবিতে আন্দোলন করেছেন। সম্প্রতি তাঁরা পৌর শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে একই দাবিতে পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেন। বিষয়টি তাঁরা সাংসদ ও জেলা প্রশাসকের নজরে আনেন।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই। এ কারণেই সমস্যাটি হচ্ছে। সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে তিনি জানান।
পৌর মেয়র মো. শাহিন দুঃখ প্রকাশ করে বলেন, সমাধানের জন্য নয় একর জায়গা বের করা হয়েছে। অল্প দিনের মধ্যে ওই স্থানটি আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করা হবে। আপাতত সড়কের পাশের আবর্জনা আগুন দিয়ে পুড়িয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।