সড়কের দুপাশেই অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকায় বাঁধের ঢালে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি ও দোকানপাট। সম্প্রতি ছবিটি তুলেছেন আশরাফুল আলম
মিরপুর বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকায় বাঁধের ঢালে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি ও দোকানপাট। সম্প্রতি ছবিটি তুলেছেন আশরাফুল আলম

মিরপুর বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকায় সড়কের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। বাঁধের ঢালে বাঁশের মাচা দিয়ে গড়ে তোলা হয়েছে টংঘর। ঝুঁকিপূর্ণ এসব টংঘর ভেঙে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সিন্নিরটেকের এই এলাকাটি পুরাতন দিয়াবাড়ী ঘাট নামে পরিচিত। মিরপুর বেড়িবাঁধের এ সড়কটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন। সড়কের আশপাশে যাঁদেরই জায়গা আছে, সবাই কমবেশি নিজেদের মতো করে সড়কের পাশের জায়গা দখল করেছেন।
গতকাল বৃহস্পতিবার দেখা যায়, পাউবোর জায়গায় ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যক্তি উদ্যোগে নির্মিত দোকান, হোটেল, কারখানা, গ্যারেজ রয়েছে। সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন থেকে আশুলিয়ার দিকে গড়ে ওঠা অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে বাঁশ বিক্রির দোকান, বালুর ব্যবসা, টংঘর, কাঠের ব্যবসা।
বাঁধের ঢালে বাঁশের দোকান দিয়েছেন মনোয়ার আলী। দোকানের বেশির ভাগই নদীর সীমানা খুঁটির ভেতরে। মনোয়ার বলেন, এখানে দোকান করতে কাউকে কোনো টাকা দিতে হয়নি। দীর্ঘদিন ধরে সড়কের পাশের এলাকায় থাকেন। কয়েক বছর ধরেই এখানে দোকান করছেন।
সিন্নিরটেক থেকে বিরুলিয়া, আশুলিয়া হয়ে টঙ্গী পর্যন্ত সড়কের দুপাশে প্রায় আড়াই শ ফুট অংশ পাউবোর অধিগ্রহণ করা। এই অংশ দখলমুক্ত রাখতে পাউবোর বিশেষ কোনো উদ্যোগ নেই। নানান সময়ে এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত হলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
সিন্নিরটেকে বাঁধের ঢালে বাঁশ, টিন দিয়ে গড়ে তোলা হয়েছে ঘর। ঝুঁকিপূর্ণ এসব টংঘরে নিম্ন আয়ের লোকজন বাস করেন। নিজেরাই এসব ঘর তুলেছেন। ফলে ভাড়া দিতে হয় না।
রিকশাচালক আবুল বাসেত পরিবারের চার সদস্য নিয়ে থাকেন এমন ঘরে। তিনি বলেন, ‘গ্রাম থিকা আসার পরে ঢাকায় থাকনের জায়গা ছিল না। তিন-চার হাজার ট্যাকা দিয়া বস্তিতে ঘর নিমু, সেই টাকাও ছিল না। একা রিকশা চালায়া সব খরচ মিটান যায় না। তাই এইহানেই থাকি।’ বস্তিতে ঘরভাড়া দিয়ে থাকার সামর্থ্য নেই এমন অনেকেই এসব ঝুঁকিপূর্ণ ঘরে থাকছেন।
সড়কের দুপাশে সবচেয়ে বেশি গড়ে উঠেছে ভাঙাড়ির দোকান। সারি সারি এসব দোকানের সামনে স্তূপ করে রাখা হয়েছে হরেক রকম জিনিস। রিকশা মেরামতের দোকান সড়কের ওপরে। সেখানেই চলছে রিকশা মেরামতের কাজ। একদিকে ফুটপাতহীন সড়কে দ্রুতগতিতে যানবাহন চলছে, অন্যদিকে সড়কের পাশ দিয়ে হাঁটার উপায় না থাকায় ভোগান্তিতে পড়ছে পথচারীরা।