ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঁঞা) স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর বিরুদ্ধে এবার সড়ক নির্মাণের কাজে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও দুজন এক্সকাভেটর চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে সড়কের নির্মাণকাজ করার সময় সাংসদ তাঁদের মারধর করেন।
এ ঘটনার পর থেকে সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়ন ও সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ছালেহ আহমেদ’-এর ব্যবস্থাপক মো. মাছুম অভিযোগ করেন, সাংসদ রহিম উল্যাহ কয়েক দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক ছালেহ আহমেদকে দেখা করতে বলেছিলেন। এরপর গত বুধবার সকালে হঠাৎ সাংসদ সড়কের কাজে নিয়োজিত এক্সকাভেটর চালককে কাজ বন্ধের নির্দেশ দেন এবং বিকেলের মধ্যে ছালেহ আহমেদকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। পরে তাঁরা বিষয়টি ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানান। নির্বাহী প্রকৌশলী বিষয়টি ফেনীর পুলিশ সুপার ও সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করেন।
ব্যবস্থাপক মো. মাছুম বলেন, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপে ও পুলিশের উপস্থিতিতে বুধবার দুপুরের পর আবার কাজ শুরু করেন তাঁরা। বিকেলে পুলিশ চলে যাওয়ার পর সাংসদ রহিম উল্যাহ কয়েকজন লোক নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁর নির্দেশ অমান্য করে কেন কাজ চলছে তা জানতে চান তিনি। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে (মাছুম) এবং এক্সকাভেটর চালক মো. টিপু ও মো. রিয়াদকে মারধর করে কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, সড়কের উন্নয়নকাজ বন্ধ করা দুঃখজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে সাংসদ রহিম উল্যাহ প্রথম আলোকে বলেন, সড়কের নির্মাণকাজে অনিয়ম হওয়ায় তা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় তিনি শতভাগ কাজ আদায় করবেন।
এর আগে গত বছর ২৬ নভেম্বর বিশ্বব্যাংকের অর্থায়নে সোনাগাজীতে পাঁচটি সাইক্লোন সেন্টার কাম বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। তখনো একজন প্রকৌশলীসহ তিনজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি এবং কাজ বন্ধ করে দেন।
ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ করিম বলেন, নির্মাণাধীন ওই সড়কের সোনাপুর (নোয়াখালী), সোনাগাজী (ফেনী) ও জোরারগঞ্জ (চট্টগ্রাম) নোয়াখালী ও চট্টগ্রাম অংশের কাজ শেষ হয়েছে। ফেনীর সোনাগাজী অংশের কাজ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে সড়কের কাজ সম্পন্ন করার জন্য তিনি সাংসদের সঙ্গে দেখা করে তাঁর সহযোগিতা চেয়েছিলেন। ঠিকাদার দেখা না করায় সাংসদ ক্ষিপ্ত হয়ে কাজটি বন্ধ করে দিয়েছেন।