সড়কের পাশ থেকে গাছ কেটেছেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণের ফলে নিচের সড়কে প্রতিদিনই লেগে থাকে যানজট। তার ওপর সড়কের মাঝখানে বিভিন্ন দোকান নিয়ে বসেছেন হকার। এতে নাগরিক দুর্ভোগ বেড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণের ফলে নিচের সড়কে প্রতিদিনই লেগে থাকে যানজট। তার ওপর সড়কের মাঝখানে বিভিন্ন দোকান নিয়ে বসেছেন হকার। এতে নাগরিক দুর্ভোগ বেড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জে চৌমুরী বাজার-ক্ষুদ্র ভাগলপুর সড়কের পাশ থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ কয়েকটি কাটা গাছ জব্দ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুলিয়ারচর উপজেলার চৌমুরী বাজার অংশে উসমানপুর ইউপির চেয়ারম্যান নিজাম কারীর নির্দেশে দুই সদস্য নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম গাছ কেটে নিয়েছেন। অন্যদিকে বাজিতপুর অংশে গাজীরচর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল গাছ কাটার সঙ্গে যুক্ত। চেয়ারম্যান নিজাম কারী পৌর আওয়ামী লীগের সভাপতি। জাহাঙ্গীর উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। মো. জুয়েল গাজীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্র জানায়, উসমানপুর ইউনিয়নের চৌমুরী বাজার থেকে গাজীরচর ইউনিয়নের ক্ষুদ্র ভাগলপুর পর্যন্ত সড়কটি কাঁচা রয়েছে। এলজিইডির অধীন সড়কটি দৈর্ঘ্যে এক হাজার ২৬০ মিটার এবং প্রস্থে ৩ মিটার। এক যুগ আগে সড়কের দুই পাশে সামাজিক বনায়নের আওতায় শিশু, রেইনট্রিসহ কয়েক প্রজাতির গাছ লাগানো হয়। এলজিইডির কুলিয়ারচর কার্যালয়ের তত্ত্বাবধানে সম্প্রতি সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই কোটি এক লাখ টাকার এ প্রকল্পের কাজ পেয়েছে মেসার্স এম আর খান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই সপ্তাহ আগে থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কে মাটি ফেলার কাজ শুরু করে। এর কয়েক দিন পরই অবৈধভাবে সড়কের দুই পাশের গাছ কাটা শুরু হয়।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘সড়কটি নির্মাণের জন্য গাছ কাটার প্রয়োজন নেই। প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা নিজ দায়িত্বে গাছ কাটার উদ্যোগ নেব।’
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশের অন্তত শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। খেলেরবন অংশে সড়কটির পাশে কাটা গাছ পড়ে আছে। এগুলো পুলিশ জব্দ করে রেখেছে।
স্থানীয় কয়েকজন বলেন, এক সপ্তাহ আগে ইউপি সদস্য নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম কিছু লোক নিয়ে এসব গাছ কাটেন। ওই দুই ইউপি সদস্য জানিয়েছিলেন, সড়ক বড় করা হবে। এই জন্য গাছ কেটে ফেলতে হবে। সরকারি আদেশ না থাকলেও চেয়ারম্যান গাছ কাটার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে উসমানপুর ইউনিয়ন অংশ থেকে অন্তত অর্ধশত এবং ক্ষুদ্র ভাগলপুর অংশ থেকে আরও অর্ধশত বড় আকারের রেইনট্রিগাছ কেটে সরিয়ে ফেলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম বলেন, মূলত গ্রামবাসী গাছ কাটার সঙ্গে জড়িত। সড়কের দুই পাশ থেকে গাছ কেটে নেওয়ার বিষয়টি তাঁরা চেয়ারম্যানের নজরে আনেন।
নিজাম কারী বলেন, ‘যখন গাছ কাটা হয়, তখন আমি কুলিয়ারচর ছিলাম না। বিষয়টি জানার পর গাছ কাটা বন্ধ করতে ইউপি সদস্যদের নির্দেশ দিয়েছিলাম।’
গাজীরচর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল বলেন, কিছু গাছ কাটার কথা শুনেছেন। কিন্তু কারা কেটেছেন, তা তিনি জানেন না।
জানতে চাইলে কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি বিনতে সালাম বলেন, বিষয়টি তিনি জানেন। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।