সড়কের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার
গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পশ্চিমপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তাঁর পরনে আকাশি রঙের সালোয়ার, আকাশি-গোলাপি রঙের কামিজ এবং কামিজের ওপর আকাশি রঙের শার্ট ও সাদা ওড়না ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দরা পশ্চিমপাড়া হাজীবাড়ির ওপর দিয়ে যাওয়া কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গতকাল রাতে এক তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে অন্য কোথাও দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। এরপর লাশটি এখানে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তাঁর গলায় ওড়না প্যাঁচানো এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে।