সড়কের পাশ থেকে ১৩টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নে ব্যক্তিমালিকানার দাবি করে গত সোমবার সড়কের পাশ থেকে ১৩টি আকাশমণিগাছ কাটা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাছ কাটা বন্ধ করে দিয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, যিনি গাছ বিক্রি করেছেন, তাঁকে কার্যালয়ে আসতে বলা হয়েছে।
ইউপি ও এলাকাবাসী সূত্র জানয়, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশে ২০০৪ সালে স্থানীয় মো. সাখাওয়াত হোসেন আকাশমণিগাছের ৭০টি চারা রোপণ করেন। পাঁচ মাস আগে তিনি গাছগুলো বিক্রি করতে চাইলে ইউপির চেয়ারম্যান বাধা দেন। তখন গাছ কাটা বন্ধ থাকে। পরে ওই ইউপির সাবেক সদস্য মো. শামছুজ্জামান ২২ ফেব্রুয়ারি সরকারি গাছ ব্যক্তিমালিকানা দাবি করে বিক্রির অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। সম্প্রতি সাখাওয়াত হোসেন সড়কটির পাশের ৬০টি গাছ ১ লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি করেন। গত সোমবার শ্রমিকেরা ১৩টি গাছ কাটেন। গতকাল সকালে বিষয়টি জানতে পেরে এলজিইডির লোকজন গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
সাবেক ইউপি সদস্য মো. শামছুজ্জামান বলেন, সরকারি সড়কের পাশে সাখাওয়াত হোসেন ৭০টি গাছ রোপণ করেছেন। কিন্তু তিনি এককভাবে এগুলোর মালিকানা দাবি করে বিক্রি করতে পারেন না।
সাখাওয়াত হোসেন বলেন, ‘নিজস্ব জমিতে গাছ রোপণ করেছিলাম। সড়কটি এখনো সরকারিভাবে রেকর্ডভুক্ত হয়নি। তাই মৌখিকভাবে চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে গাছ বিক্রি করেছি। যদি গাছে সরকারি অংশীদারত্ব থাকে তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।’
ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ‘গাছগুলোয় ইউপির অংশীদারত্ব রয়েছে। সেগুলো বিক্রি বা কাটার ব্যাপারে জানি না। গতকাল সকালে শুনেছি। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’