সড়কের পাশে ফেল করা ছাত্রের লাশ, পকেটে ফলাফল শিট
কিশোরগঞ্জের বাজিতপুরে আবুল কালাম (১৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, আবুল কালামের লাশ দেখে মনে হয়েছে তিনি বাসের চাকায় পিষ্ট হয়েছেন।
কটিয়াদী থানার হাইওয়ে উপপরিদর্শক শ্যামল দত্ত জানান, ওই শিক্ষার্থীর পকেট থেকে ইন্টারনেটে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের শিট উদ্ধার হয়েছে। ফলাফল শিটের নাম-ঠিকানা ধরে তাঁর পরিচয় শনাক্ত করা গেছে।
শ্যামল দত্ত বলেন, ‘আবুল কালাম এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি সমাজবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হন। সেই কারণে ধারণা করছি, অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন।’
আবুল কালামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। তিনি নেত্রকোনার দুর্গাপুরের শুশাং কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বাজিতপুরের গজারিয়া এলাকায় সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কটিয়াদী হাইওয়ে পুলিশকে খবর দেন। সন্ধ্যা সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শুশাং কলেজের উপাধ্যক্ষ রেমন আরএমও নিহত আবুল কালামের পরিচয় নিশ্চিত করেছেন।