সড়কের মাঝখানে পাইপ

বাগেরহাটের রামপাল উপজেলার মংলা-পেড়িখালী সড়কের প্রায় এক কিলোমিটার অংশে সড়কের মাঝখানে খনন পাইপ বসিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ছয় মাস ধরে ভোগান্তি পোহাচ্ছেন এই সড়কে যাতায়াতকারী মংলা ও রামপাল উপজেলার দুই সহস্রাধিক লোক।
চলতি বছরের মার্চ মাস থেকে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খননকৃত পলি এই পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে ফেলা (ডাম্পিং) হচ্ছে।
বিআইডব্লিউটিএ ও স্থানীয় সূত্রে জানা যায়, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৪ সালের ২২ মে থেকে বিআইডব্লিউটিএ এই নৌপথে খননকাজ শুরু করে। প্রথমে রামপালের কুমারখালী নদীতে খনন করা হয়। চলতি বছরের মার্চ মাসে রামপাল নদে খনন শুরু হয়। নদের পলি ফেলার জন্য বিআইডব্লিউটিএ রামপাল উপজেলার পেড়িখালী বাজার-সংলগ্ন মংলা-পেড়িখালী সড়কের মাঝখানে পাইপ বসায়। খননকাজ এখনো চলছে।
সম্প্রতি পেড়িখালী বাজারে গিয়ে দেখা যায়, রামপাল নদ থেকে ওই খনন পাইপ সড়কের প্রায় এক কিলোমিটার অংশজুড়ে মাঝখানে বসানো। এতে ঘাট পর্যন্ত কোনো যানবাহন আসতে পারছে না। জনসাধারণকে ওই এক কিলোমিটার পথ হেঁটে আসতে হচ্ছে।
পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুরাদুল হক বলেন, প্রতিদিনই মংলা ও রামপাল উপজেলার সাতটি ইউনিয়নের দুই সহস্রাধিক লোক এই পথে বাগেরহাট সদর ও রামপালে আসা-যাওয়া করেন। পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নদী পার হয়ে রামপাল কলেজ ও পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়। সড়কের এক পাশে পাইপ স্থাপন করলে এই পথে চলাচলকারীদের ভোগান্তিতে পড়তে হতো না। রামপাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সোনিয়া ও মুক্তা বলে, ছয় মাস ধরে তাদের এভাবে কষ্ট করে কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে। আমড়াতলা গ্রামের গৃহিণী হোসনে আরা বলেন, ‘বাচ্চাকাচ্চা নিয়ে এভাবে যাতায়াত করা যায়?’
বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘পেড়িখালী বাজারের স্থায়ী দোকানদারের আপত্তির মুখে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় পাইপ সড়কের মাঝখানে বসানো হয়। কাজ প্রায় শেষের দিকে। দ্রুত আমরা পাইপ সরিয়ে ফেলব।’