হংকংয়ে অর্থপাচার: ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করছে দুদক
পণ্যের মূল্যের চাইতে বেশি দাম দেখিয়ে (ওভার ইনভয়েসিং) হংকংয়ে প্রায় সাড়ে ৩৫ হাজার ডলার (প্রায় ২৮ লাখ টাকা) পাচারের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্যান্ডি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক খালেদ সাইফুলের বিরুদ্ধে দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা শিগগিরই বংশাল থানায় মামলাটি করবেন।
দুদক সূত্র জানায়, হ্যান্ডি ইন্টারন্যাশনাল হংকংয়ের লিংক এন্টারপ্রাইজের কাছ থেকে টেলিভিশন যন্ত্রপাতি কেনেন। ওই সব পণ্যের দাম পরিশোধের সময় নির্দিষ্ট দামের চেয়ে বেশি দেখিয়ে হংকংয়ে ওই পরিমাণ অর্থ পাচার করা হয়। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণ হওয়ায় মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। এরই পরিপ্রেক্ষিতে কমিশন মামলার অনুমোদন দেয়।