হকার উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পৌর দল
ফরিদপুর শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী। শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের কাছে আজ রোববার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে হকারদের সরে যেতে কিছুদিন আগে মাইকিং করা হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের জন্য পৌর মেয়রকে নির্দেশনা দেওয়া হয়।
এরই অংশ হিসেবে আজ দুপুর ১২টার দিকে পৌরসভার সচিব মো. তানজিলুর রহমানের নেতৃত্বে পৌরসভার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল হকার উচ্ছেদে নামে। শহরের পূর্ব খাবাসপুর মোড় থেকে তাঁরা হকারদের উচ্ছেদ করেন। এরপর হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে গেলে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। কয়েকজনকে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করেন। হামলাকারীরা পৌরসভার সচিবসহ কয়েকজন কর্মকর্তাকে বাজারের একটি দোকানে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ও আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তিদের ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে এ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্যরা এসে দুঃখ প্রকাশ করেন।
‘ঘটনাটি দুঃখজনক’ মন্তব্য করে শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ওপর যাঁরা হামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজার কর্তৃপক্ষই অবৈধ দোকান উচ্ছেদ করতে পদক্ষেপ নেবে।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক সভায় গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত হকারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে ফুটপাত থেকে হকারমুক্ত অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীরা একজোট হয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর যে হামলা করেছে, এ ব্যাপারে মামলা করা হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।