হকার খুনের মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদনীচক মার্কেটে হকার খোকন মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সোহেল ও রিপন। গতকাল বৃহস্পতিবার সকালে নিউমার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে নিহত খোকন মোল্লার স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে শাহাবুদ্দিন, সোহেল, রিপন, হানিফসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও পাঁচ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

 বুধবার বিকেলে চাঁদনীচকের দোতলায় রেস্তোরাঁয় হকার খোকন ও তাঁর বন্ধু বাবুল ব্যাপারী বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ শাহাবুদ্দিনের নেতৃত্বে পাঁচ হকার খোকন ও বাবুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত খোকন ও বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খোকন মারা যান। বাবুল ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান গতকাল বলেন, প্রধান আসামি শাহাবুদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মহিউদ্দিন বলেন, পূর্বশত্রুতা ও আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। তবে নিহত ও আহত বাবুলের স্বজনেরা বলেন, শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল ইয়াবা, ফেনসিডিল বিক্রি করেন এবং চাঁদনীচক মার্কেটের ছাদে তাঁরা নিয়মিত মাদক সেবন করেন। খোকন ও বাবুল এর প্রতিবাদ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা খোকন ও বাবুলের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদনীচক মার্কেটের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা খুনের পর পালিয়ে যাচ্ছেন। দোতলায় রেস্তোরাঁয় সিসি ক্যামেরা না থাকায় ছুরিকাঘাতের সময়ের কোনো ছবি পাওয়া যায়নি। রেস্তোরাঁর ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক বলেন, হতাহত দুজনসহ কয়েকজন হকার বুধবার পাশাপাশি টেবিলে বসে ভাত খান। খাওয়া শেষে তাঁদের কয়েকজন বেরিয়ে যান এবং একটু পরই আবার ফিরে আসেন। তখন অন্য হকাররা টেবিলের পাশে দাঁড়িয়ে কোনো বিষয়ে আলোচনা করছিলেন। বাইরে থেকে আসা হকারদের একজন (পরে জেনেছেন তাঁর নাম শাহাবুদ্দিন) হঠাৎ ছুরি দিয়ে খোকন ও বাবুলকে আঘাত করেন। পরমুহূর্তে তিনিসহ কয়েকজন দৌড়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। এ ঘটনায় রেস্তোরাঁর ১৪ কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

চাঁদনীচক মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, গাউছিয়া মার্কেটের কোনা থেকে বলাকা সিনেমা হল পর্যন্ত এলাকার সামনের ফুটপাতে প্রায় ১০০ হকার বসেন। এই হকারদের চারটি পক্ষ রয়েছে। ফুটপাতে তাঁদের সবার তিন-চারটি করে অস্থায়ী দোকান রয়েছে। দোকান বসানো ও ফুটপাতের জায়গা দখল নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে হাতাহাতি-মারামারি হয়। এ কারণে ছয়-সাত মাস আগে একবার তাঁদের উচ্ছেদ করা হলেও পরে তাঁরা আবার ফুটপাত দখল করেন। তাঁদের মধ্যকার বিরোধও অব্যাহত থাকে। এই বিরোধের জের ধরেই খুনের ঘটনা ঘটে বলে ধারণা হকার ও মার্কেটের ব্যবসায়ীদের।

চাঁদনীচক মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, ফুটপাতের হকাররা সমিতির অন্তর্ভুক্ত নন। তাই তাঁদের বিষয়ে সমিতির নেতাদের কিছু জানা নেই। তাঁদের নিজেদের মধ্যে বিরোধে হত্যাকাণ্ড ঘটে থাকতে বলে বিভিন্নজনের কাছ থেকে তাঁরা শুনেছেন।