ফরিদপুরে ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী। শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে হকারদের উচ্ছেদের জন্য কিছুদিন আগে মাইকিং করা হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের জন্য পৌর মেয়রকে নির্দেশনা দেওয়া হয়।
এরই অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে পৌরসচিব মো. তানজিলুর রহমানের নেতৃত্বে পৌরসভার একটি ভ্রাম্যমাণ দল ৩০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে ফুটপাতের হকার উচ্ছেদে নামে। শহরের পূর্বখাবাসপুর মোড় থেকে হকারদের উচ্ছেদ করে হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে গেলে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বেলা সোয়া একটার দিকে দুই শতাধিক ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় হকার উচ্ছেদে আসা পৌরসভার দলের ওপর। এ সময় ব্যবসায়ীদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। হামলাকারীরা পৌরসভার সচিবসহ কয়েকজন পৌর কর্মকর্তাকে বাজারের একটি দোকানে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং আহত লোকজনকে হাসপাতালে পাঠায়।
আহত লোকজনকে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পৌর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী দ্রুত ঘটনাস্থলে যান। এ ঘটনার পর মেয়রের নেতৃত্বে পৌরসভায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্যরা এসে দুঃখ প্রকাশ করেন।
‘ঘটনাটি দুঃখজনক’ মন্তব্য করে শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ওপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজার কর্তৃপক্ষই অবৈধ দোকান উচ্ছেদ করতে পদক্ষেপ নেবে।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত হকারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে ফুটপাত হকারমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।