দেখে বোঝার উপায় নেই, এটি ফুটপাত নাকি ব্যবসাকেন্দ্র। হাঁটার জায়গাজুড়ে পণ্যসামগ্রীর পসরা আর হকারদের ব্যস্ততা। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটবেন, সেখানেও একই অবস্থা। রাস্তা দখল করে গাড়ি পার্কিং আর হকারদের ব্যবসা।
এই হলো রংপুর নগরের সিটি পার্ক মার্কেটের সামনে থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত এলাকাসহ বিভিন্ন স্থানের ফুটপাতের অবস্থা। ছোট ছোট দোকান, ব্যবসাসামগ্রী আর হকারদের ঠেলে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিনই হয়রানি পোহাচ্ছেন পথচারীরা।
একদিকে ফুটপাত দখল, অন্যদিকে রাস্তায়ও ঠিকভাবে হাঁটার অবস্থা নেই। ফুটপাত থেকে নামতেই রাস্তার পাশজুড়ে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা, সাইকেল আর মোটরসাইকেলের ভিড়। তখন আরও বিড়ম্বনা। মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, ফুটপাতে ব্যবসা হওয়ায় মানুষ হাঁটাচলা করতে পারে না। আর রাস্তায় যে হাঁটবে, তারও উপায় নেই। রাস্তাজুড়ে রিকশা-অটোরিকশা। পথচারীদের বিড়ম্বনা থেকে রেহাই পেতে অনেক চেষ্টা করা হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে।
সরেজমিনে দেখা গেছে, পৌর পার্ক মার্কেটের সামনের ফুটপাতে সাইকেল ও রিকশার মালামাল নিয়ে বসেছেন ভাসমান ব্যবসায়ীরা। সেখানে এলোমেলো পড়ে আছে যানবাহনের যন্ত্রাংশ। শহীদ জরজেজ মার্কেটের সামনের ফুটপাত শীতের পোশাকের দখলে। তার মধ্যেই লোকজন চলাচল করছে খুব কষ্ট করে। একদম গা ঘেঁষাঘেঁষি করে। পাশাপাশি দুজনের হাঁটার কোনো সুযোগ নেই। ঠেলাঠেলি করে হাঁটতে হয়। নবাবগঞ্জ বাজারের পাশে একটি হোটেলের সামনের ফুটপাতে বসেছে গৃহসামগ্রীর দোকান। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে পশ্চিম দিকের ফুটপাতে সাজিয়ে রাখা হয়েছে ফোম। এভাবে নগরের অধিকাংশ ফুটপাত চলে গেছে হকার ও ভাসমান ব্যবসায়ীদের দখলে। এসব এলাকায় পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি ও অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, রংপুরবাসীর প্রত্যাশা পূরণ হলো চার লেন সড়কে। কিন্তু এই সড়কের ফুটপাত দিয়ে চলাচল করা খুবই কষ্টকর ব্যাপার। একটু হাঁটলে আবার একটু রাস্তায় নামতে হয়।
অপর একজন হকার বলেন, ‘মানুষ চলাচলে ফুটপাতে অসুবিধা হওয়ায় রাস্তায় নেমে এসেছি। অনেক বছর ধরেই এভাবে ফুটপাত আর রাস্তায় ব্যবসা করছি। কেউ বাধা দেয় না। মাঝেমধ্যে পুলিশ তুলে দেয়।’
অভিযানের কথা নিশ্চিত করে পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘সিটি করপোরেশন ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় একাধিকবার ফুটপাত থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হয়েছে। যানজটমুক্ত নগর গড়ে তুলতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ফুটপাত থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হলেও আবার তাঁরা দোকান বসান। এ সমস্যা সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।