হকারদের মদদ দিচ্ছে কিছু পুলিশ ও রাজনীতিবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব হকার সিলেটের ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের পৃষ্ঠপোষকতা করছেন কিছুসংখ্যক রাজনীতিবিদ ও পুলিশ। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যা—এই তিন দফায় এসব হকারের কাছ থেকে চাঁদা তোলা হয়। এ টাকা কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রভাবশালীদের কাছে পৌঁছায়।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক সর্বদলীয় সভায় বক্তারা এসব অভিযোগ করেন। নগরের বন্দরবাজার এলাকায় সিলেট জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা চলে এ সভা।
সভার শুরুতেই সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সর্বদলীয় বৈঠক ডাকার প্রাসঙ্গিকতার বিষয়টি উপস্থাপন করেন। মেয়র জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার এবং নেপথ্যে থাকা দখলদারপক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে সিটি করপোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা পেয়ে গত ২৯ মে সিটি করপোরেশন জরুরি সভা করে। ওই সভায় মেয়রকে সভাপতি ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সদস্যসচিব করে কমিটি গঠন করে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে এরই মধ্যে সিটি করপোরেশন অভিযান চালিয়ে বন্দরবাজার, জিন্দাবাজারসহ নগরের কেন্দ্রস্থলের ফুটপাতগুলো দখলমুক্ত করেছে। আদালত নির্দেশিত এলাকাগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর আদালতের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নের স্বার্থে এ সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়েছে।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, সিটি করপোরেশনের একটা হকার মার্কেট রয়েছে। সেখানে একজনও প্রকৃত হকার নেই। কিসের ভিত্তিতে এ মার্কেটের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা উচিত। অথচ এই হকার মার্কেটেই হকারদের পুনর্বাসন করা যেত।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, হকারমুক্ত সড়ক ও ফুটপাত নাগরিকদের অধিকার। তবে হকারদেরও পুনর্বাসন করা দরকার। মানবিক কারণে আগামী ঈদ পর্যন্ত হকারদের বিকল্প কোথাও বসার ব্যবস্থা করা যায় কি না, সেটি বিবেচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, ‘জোর করে হকারদের সরিয়ে দিলাম, সেটাই সমাধান না। এখন সরিয়ে দিলে হকাররা পুনরায় আবার বসবে। তাই স্থায়ী সমাধানে যেতে হবে।’ সিপিবি সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বলেন, ফুটপাতে হাঁটাচলার অধিকার জনগণের। এটি দখল করে রাখার অধিকার হকারদের কে দিয়েছে, সেটিও অনুসন্ধান করে বের করা প্রয়োজন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘বাতাসে শুনি কিছু রাজনীতিবিদ, সিটি করপোরেশন–সংশ্লিষ্ট ব্যক্তি ও পুলিশের প্রত্যক্ষ মদদে ফুটপাতে অবৈধ দখলদারেরা ব্যবসা করে থাকেন। এসব দখলদারের কাছ থেকে মদদদাতারা মাসোহারাও নেন। পেছনের ওই সিন্ডিকেট ভেঙে দেওয়া না গেলে ফুটপাত উচ্ছেদ করা খুব একটা সহজ হবে না।’
পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, ‘ফুটপাতে হকারদের অবৈধ দখলে পুলিশ মদদ দেয়, এমন অভিযোগ সঠিক নয়। বরং পুলিশ নিয়মিতভাবে হকারদের উচ্ছেদে ভূমিকা রাখে।’
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সমাপনী বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা করাটা হকারদের দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এ অভ্যাস পরিবর্তন খুব সহজেই করা সম্ভব হবে না। তবে সিটি করপোরেশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আগেও আমরা বিভিন্ন সময় ফুটপাত ও সড়ক হকারমুক্ত করেছি। কোনোভাবেই নগরের রাস্তা-ফুটপাত বেদখল হতে দেওয়া হবে না।’