হকারমুক্ত ফুটপাত এবার কর্মচারীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে প্রধান ডাকঘরের দেয়ালসংলগ্ন ফুটপাত হকারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। সেই ফুটপাত আবার ডাকঘরের কর্মচারীরাই দখল করে নিয়েছেন। দিয়েছেন খাবারের দোকান। ছবিটি বুধবারের l প্রথম আলো
সিলেটে প্রধান ডাকঘরের দেয়ালসংলগ্ন ফুটপাত হকারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। সেই ফুটপাত আবার ডাকঘরের কর্মচারীরাই দখল করে নিয়েছেন। দিয়েছেন খাবারের দোকান। ছবিটি বুধবারের l প্রথম আলো

সিলেটের বন্দরবাজার এলাকায় অবস্থিত প্রধান ডাকঘরের দেয়ালসংলগ্ন ফুটপাত হকারদের দখল থেকে মুক্ত হলেও এবার এর আংশিক দখল করে খাবারের দোকান বসিয়েছেন খোদ ডাক বিভাগের কর্মচারীরা। তবে দখলমুক্ত হওয়া অপর অংশে টবসমেত গাছ বসিয়ে সৌন্দর্যবর্ধন করেছে কর্তৃপক্ষ।

ডাকঘরের দুজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েক বছর ধরে ডাকঘরের দুটি ফটক, পিলার, লেটার বক্সের সম্মুখভাগ, দেয়ালসংলগ্ন ফুটপাত এবং রাস্তা বন্ধ করে হকাররা স্থায়ীভাবে সবজির ব্যবসা চালিয়ে আসছিলেন। চলতি মাসের ১৩ তারিখ ডাক কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করে। এর তিন দিন পরই ফুটপাতের একাংশ দখল করে খাবারের দোকানটি বসানো হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, প্রধান ফটকের ডান পাশে ডাক বিভাগের একটি কক্ষ রয়েছে। গত শনিবার সে কক্ষ এবং কক্ষের সম্মুখভাগ দখল করে নেয় ‘ডাক কর্মচারী সমবায় কল্যাণ সমিতি লিমিটেড’ নামে কর্মচারীদের একটি সংগঠন। এ সংগঠনের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সিবিএ নেতারা সম্পৃক্ত রয়েছেন বলে তাঁরা নিশ্চিত করেছেন। গত বুধবার বেলা আড়াইটায় সরেজমিনে দেখা গেছে, ডাকঘরের সামনের রাস্তার পাশাপাশি প্রধান ফটকের বাঁ পাশের দেয়ালসংলগ্ন দেড় শ গজ দূরত্বের মধ্যে কোনো হকার নেই। সেখানে পিলারের মধ্যে টবসমেত নানা জাতের আটটি গাছের চারা লোহার বেষ্টনী দিয়ে সাঁটিয়ে রাখা হয়েছে। তবে ফটকের ডান পাশের ফুটপাতে অন্তত ১০ হাত জায়গার দখল নিয়েছেন কর্মচারীরা।

ডাক কর্মচারী সমবায় কল্যাণ সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক দুলন রঞ্জন দেব বলেন, ‘ভেতরে ক্যানটিনের নির্মাণকাজ চলছে। এ কারণে সাময়িকভাবে ফুটপাতটি ব্যবহার করা হচ্ছে। শিগগির ফুটপাতের দখল ছেড়ে দেওয়া হবে।’

সিলেটের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. নূরুল হক প্রথম আলোকে বলেন, ‘অনেক কষ্টে ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। অথচ কাউকে না জানিয়ে খোদ কর্মচারীরাই পুনরায় ফুটপাতের একাংশের দখল নিয়েছেন। এটি উচ্ছেদেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’