হকারের শরীরে আগুন দিয়েছে আরেক হকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল বৃহস্পতিবার রাতে রুবেল হোসেন (২৩) নামের এক হকারের শরীরে আরেক হকার আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে রুবেল জানায়, সে লঞ্চে শিশুদের বই ফেরি করে বিক্রি করে। তারই মতো আরেক হকার আরিফ তাকে লঞ্চে বই বিক্রিতে বাধা দেয়। এ নিয়ে রুবেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে সদরঘাট এলাকার ২ নম্বর ঘাটে হঠাৎ তার ওপর চড়াও হয় আরিফ। এ সময় আরিফ তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভায়। পরে তারা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী প্রথম আলোকে বলেন, দুই হকারের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করার চেষ্টা চলছে।
গণজাগরণ মঞ্চের কর্মীর ওপর হামলা: গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে প্রজন্ম চত্বরে নবেন্দু সাহা (৩০) নামে গণজাগরণ মঞ্চের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নবেন্দু বলেন, তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী। স্বাধীনতা দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের কয়েকজন শাহবাগে প্রজন্ম চত্বরে জড়ো হন। এ সময় অজ্ঞাত এক যুবক তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।