
ঢাকার নিউমার্কেটের উল্টোপাশে চাঁদনী চক মার্কেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩২) নামের এক হকার খুন হয়েছেন। এ সময় তাঁর ঘনিষ্ঠ আরেক হকার বাবুল ব্যাপারী (৪০) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আহত বাবুল ব্যাপারী হাসপাতালে প্রথম আলোকে বলেন, তিনি, খোকন ও হামলাকারীরা সবাই চাঁদনী চকের ফুটপাতে ব্যবসা করেন। তিনি ও খোকন নিউমার্কেট থানা যুবলীগের সদস্য। গতকাল বেলা তিনটার দিকে তিনি, খোকনসহ পাঁচ-ছয়জন চাঁদনী চক মার্কেটের দোতলার হোটেলে খাবারের জন্য বসেছিলেন। তখন শাহাবুদ্দিন ও তাঁর ঘনিষ্ঠজনেরা খোকন ও তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হামলাকারী শাহাবুদ্দিন ফুটপাতে প্রসাধন সামগ্রী বিক্রি করতেন।
হাসপাতাল সূত্র জানায়, রক্তাক্ত অবস্থায় বিকেল চারটার দিকে খোকন ও বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
হতাহতদের স্বজনেরা বলেন, হামলাকারী শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল প্রতিদিন চাঁদনী চকের ছাদে মাদক সেবন করতেন। এর প্রতিবাদ করেছিলেন খোকন ও বাবুল। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা হামলা চালান।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুলের ভাই লোকমান হোসেন ব্যাপারী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল ইয়াবা-ফেনসিডিল বিক্রি করেন এবং চাঁদনী চক মার্কেটের ছাদে নিয়মিত মাদক সেবন করেন। নিহত খোকন ও তাঁর ভাই বাবুল এর প্রতিবাদ করেন। গত সোমবার এ নিয়ে চাঁদনী চক মার্কেট ব্যবসায়ী সমিতিতে সালিস ডাকে। ব্যবসায়ী সমিতি শাহাবুদ্দিন, হানিফ ও সোহেলকে দোষী সাব্যস্ত করে তাঁদের সতর্ক করে দিয়ে বলে, তাঁদের বিরুদ্ধে আবার মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লোকমান ব্যাপারী বলেন, তিন মাদকসেবীর সন্দেহ খোকন ও বাবুল তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল চাঁদনী চক মার্কেটের দোতলার রেস্তোরাঁয় খোকন-বাবুলসহ কয়েকজন হকার দুপুরের খাবার খাওয়ার জন্য বসেছিলেন। এ সময় শাহাবুদ্দিন তাঁর সহযোগীদের নিয়ে সেখানে যান। তাঁরা খোকন ও বাবুলকে ছুরিকাঘাত করেন। খোকনের বুকে ও বাবুলের পিঠে জখম হয়েছে।
নিহত খোকনের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার ফুলবাড়িয়ায়। তাঁর বাবার নাম কালু মোল্লা। খোকন সপরিবার কামরাঙ্গীরচরের খলিফাঘাটের জান্নাতবাগ গলিতে থাকতেন। তাঁর তিন মেয়ে আছে। মৃত্যুর খবরে বিকেলে তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। তাঁর স্ত্রী মিনারা বেগম বলেন, ‘আমার স্বামীর কী দোষ, কেন তাঁরে মাইরা ফেলল? এখন আমার কী হবে?’
মিনারা বলেন, মাঝেমধ্যে খোকন তাঁকে বলতেন, শাহাবুদ্দিনের সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হয়েছে। তিনি তাঁকে খুন করতে পারেন।
গতকাল বিকেলে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তি এবং তাঁদের প্রতিপক্ষ সবাই ফুটপাতের হকার। তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউমার্কেট থানার পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পাঁচ-ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।