হকার্স-ছিন্নমূল লীগের অবৈধ বাণিজ্যে দুর্ভোগ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাত এবং এর পাশে সড়ক ও জনপথের (সওজ) জমিতে গড়ে উঠেছে ভাসমান দোকান। মহাসড়কের ওপর জমিয়ে রাখা হয়েছে আবর্জনার স্তূপ। এই দোকান আর আবর্জনার কারণে সাভার বাসস্ট্যান্ডে চলাফেরা করা এখন রীতিমতো দুর্ভোগ। অভিযোগ উঠেছে, এই দুর্ভোগের মূলে রয়েছে আওয়ামী হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগের নেতা-কর্মীদের অবৈধ বাণিজ্য।
ভাসমান দোকানের কারণে লোকজন ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারছে না। এর মধ্যে আরও দুর্ভোগ বাড়িয়েছে আবর্জনার স্তূপ। ফুটপাত ফাঁকা না থাকায় লোকজন সড়কের ওপর দিয়ে চলাফেরা করায় সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয় প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ এসব অবৈধ দোকান উচ্ছেদে উদ্যোগ নিচ্ছে না।
অভিযোগ রয়েছে, পৌরসভা থেকে ইজারা নেওয়ার নামে এসব দোকান বসিয়ে প্রতিদিন আদায় করা হচ্ছে কয়েক লাখ টাকার চাঁদা। মূলত এই চাঁদার জন্যই ফুটপাত ও সওজের জমিতে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। এসব দোকানের ময়লা-আবর্জনা মহাসড়কে স্তূপ করে রাখায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। বাসস্ট্যান্ড এলাকার বড় দুটি বিপণিবিতানে কেনাকাটা করতে আসা ক্রেতা আর পথচারীরা বলেন, মহাসড়কের দুই পাশের ফুটপাত ও ফুটপাত-সংলগ্ন সওজের জমিতে দোকান বসানোর কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি বিল্লাল হোসেন বলেন, তাঁদের সংগঠনসহ আওয়ামী হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগের নামে ১৩ লাখ টাকায় সাভার বাসস্ট্যান্ড এলাকা ইজারা নিয়ে তাঁরা দোকান বসিয়েছেন। তিনি বলেন, আওয়ামী হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগের দায়িত্বে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম প্রান্ত। তাঁদের সংগঠন বাংলাদেশ হকার্স লীগের দায়িত্বে রয়েছে সড়কের পূর্ব প্রান্ত। এ ছাড়া পূর্ব প্রান্তে একটি মাছের আড়ত রয়েছে, যা নিয়ন্ত্রণ করেন সাংসদ এনামুর রহমানের শ্যালক মুনিরুল হক ওরফে মুকুল।
সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সাভার পৌরসভা থেকে ১৪২২ সালের জন্য ১১টি হাট-বাজার, শৌচাগার, কুলি স্ট্যান্ড ও বালুঘাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সাভার বাসস্ট্যান্ড কাঁচাবাজার’ একটি, যা পাঁচ লাখ ২৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক লিটন খান। এই ইজারার অজুহাতেই বসানো হয়েছে অবৈধ দোকান। অথচ সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার কাঁচাবাজারের কোনো অস্তিত্বই নেই।
আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক লিটন খানের ভাষ্য, ফুটপাত আর ফুটপাত-সংলগ্ন সওজের জমিতে অবৈধ দোকানের কারণে পথচারী ও ক্রেতাদের অসুবিধা হচ্ছে—এটা যেমন সত্য, তেমনি এসব দোকান থেকে অনেকের জীবিকা চলছে। চাঁদা আদায় প্রসঙ্গে তিনি বলেন, এসব দোকান থেকে যে চাঁদা আদায় করা হয়, এর একটা বড় অংশ ব্যয় করা হয় দলীয় বিভিন্ন অনুষ্ঠানে। রাজধানীতে দলীয় কোনো সমাবেশ থাকলে সাভার থেকে লোক নেওয়া হয়। ওই সব লোকের খাওয়াসহ আনুষঙ্গিক খরচ জোগানো হয় চাঁদার টাকা থেকে।
সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিম প্রান্তে কুরায়েশি মার্কেটের সামনে থেকে মাশরুম উৎপাদন কেন্দ্র এবং পূর্ব প্রান্তে নিউমার্কেটের পাশ থেকে রানা প্লাজা পর্যন্ত¯এলাকার ফুটপাত ও ফুটপাত-সংলগ্ন সওজের জমিতে বসেছে সবজি, মাছ, মাংস, ফল, পোশাক, জুতা, হোটেল, চা ও মসলার দোকান। উভয় পাশে আধা কিলোমিটারেরও বেশি এলাকায় এসব অবৈধ দোকানের সংখ্যা অন্তত তিন হাজার।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, সওজ কর্মকর্তাদের তাঁদের মন্ত্রণালয়ের মাধ্যমে অবৈধ দোকান উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাঁরা উদ্যোগ নিলে স্থানীয় প্রশাসনের পক্ষÿথেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ দিয়ে সহায়তা করা হবে।

এ ব্যাপারে ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, বছর খানেক আগে সাভার বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। এ কারণে শিগগিরই আর উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়নি। তবে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ এসব দোকানের কারণে পথচারীদের চলাফেরায় মারাত্মক সমস্যা হচ্ছে। দোকানের কারণে তীব্র জনজটের কবলে পড়ে অনেক ক্ষেত্রেই তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধভাবে বসানো দোকান থেকে প্রতিদিন আকারভেদে ১০০ থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। বাংলাদেশ হকার্স লীগ, আওয়ামী হকার্স লীগ ও ছিন্নমূল হকার্স লীগের লোকজন তাঁদের কাছ থেকে দিনের কোনো একসময় এই চাঁদা আদায় করে থাকেন।
মহাসড়কের পূর্ব প্রান্তের মাছ ব্যবসায়ী রিপন মিয়া বলেন, মাস পাঁচেক আগে তিনি ফুটপাতে দোকান বসিয়েছেন। তাঁকে প্রতিদিন ২৭০ টাকা করে চাঁদা দিতে হয়। একই প্রান্তের ব্যবসায়ী আল-আমিন বলেন, প্রতিদিন ৩০০ টাকা চাঁদার বিনিময়ে তিনি বছর খানেক ধরে সবজির ব্যবসা করছেন। বাংলাদেশ হকার্স লীগের লোকজন তাঁর কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।
মহাসড়কের পশ্চিম পাশের চায়ের দোকানি সোহাগ মিয়া বলেন, বাবুল নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জামানত দিয়ে মাশরুম উৎপাদন কেন্দ্রের সামনে সওজের জমিতে দোকান বসিয়েছেন। এ ছাড়া তাঁকে প্রতিদিন ১৫০ টাকা হারে চাঁদা দিতে হয়।
সিটি সেন্টারে কেনাকাটা করতে আসা আশুলিয়ার নয়াহাটের কলেজছাত্রী শারমিন সুলতানা বলেন, ফুটপাতের অবৈধ দোকানের কারণে মার্কেটে ঢোকাই যায় না। অনেক সময় ইভটি জিংয়েরও শিকার হতে হয় তাঁদের। দোকানে বসে থাকা বখাটেরা মেয়েদের দেখলেই বাজে মন্তব্য¯করে।
রোস্তমপুরের জাহের আলী বলেন, সাভার বাসস্ট্যান্ডের অবৈধ দোকান পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সাভার বাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ফুটপাতের দোকানের কারণে সাভার বাসস্ট্যান্ড এলাকা পরিণত হয়েছে দুর্ভোগের জনপদে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব দোকান উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অবৈধ দোকানের বিষয়ে জানতে চাইলে মহাসড়কের পাশের বিপণিবিতান সিটি সেন্টারের সহসভাপতি নিজাম তালুকদার বলেন, ক্রেতাদের অসুবিধার বিষয়টি চিন্তা করে মার্কেটের সামনের ফুটপাতে বসা দোকান উচ্ছেদের অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রভাবশালীদের কারণে তা সম্ভব হয়নি।