হচ্ছে ট্রান্সফরমার চুরি তৎপর প্রতারক চক্রও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে একদিকে চলছে ট্রান্সফরমার চুরি। আরেকদিকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ চক্রের অন্তত পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ১০ দিনে উপজেলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০টি ট্রান্সফরমার চুরি হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের এনামুল হক (৩৫), রামপুর ইউনিয়নের রঘুনাথপুর শিমুলিয়াপাড়া গ্রামের নান্নু ওরফে মোসলেম উদ্দীন (৪৮), মোস্তফাপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমান (৩০), চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফয়জার রহমান (৩৫) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর দীঘলটারি গ্রামের নুর আলম ওরফে কানা আলম (৪৭)।
দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ দিনে চারটি স্থানে সেচকাজে ব্যবহৃত ১০ কিলো ভোল্টের (কেভি) নয়টি ও পাঁচ কিলো ভোল্টের একটি ট্রান্সফরমার চুরি করে। এর মধ্যে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া, ভোটগাছ ও আইনুল হুদা গ্রামের তিনটি গভীর নলকূপের সংযোগ লাইন থেকে ১০ কিলো ভোল্টের নয়টি ও রামপুর ইউনিয়নের জমিরেরহাট গ্রামের অগভীর নলকূপের সংযোগ থেকে পাঁচ কিলো ভোল্টের একটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি যাওয়া এসব ট্রান্সফরমারের বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এসব চুরির ঘটনায় দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস কর্তৃপক্ষ ১৫ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় মামলা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আ. মতিন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ২৮ অক্টোবর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পূর্বপাড়ার মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দিনাজপুরের প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠান।
এদিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর পূর্বপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান ওই ইউনিয়নের আমবাড়ী, কাশীপুর, দণ্ডপাণি ও মোস্তফাপুর গ্রামের বিদ্যুৎ-সংযোগ প্রত্যাশী ৪০ ব্যক্তির কাছ থেকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের মধ্যে মোস্তফাপুর ইউনিয়নের চক জামিনি এমাইল গ্রামের জামাল উদ্দীনের ছেলে গুলজার আট হাজার টাকা, আ. রউফের ছেলে আশরাফুল হক নয় হাজার ও আ. রশিদ পাঁচ হাজার টাকা দিয়েছেন বলে জানান।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের উপব্যবস্থাপক আশরাফুল হক বলেন, মিজানুরের বিরুদ্ধে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নাম করে বিদ্যুৎ-সংযোগ প্রত্যাশীদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা আদায় ও আত্মসাতের অভিযোগে পার্বতীপুর থানায় পৃথক চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, মিজানুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তিনি ট্রান্সফরমার চুরির মামলায় বর্তমানে কারাগারে আছেন।