হজ গমনেচ্ছুদের সঙ্গে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ গমনেচ্ছুদের সঙ্গে প্রতারণার অভিযোগে ঢাকার আশকোনা এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে দক্ষিণখানে শাহজালাল আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।

প্রতারণার শিকার সেকান্দার আলী ও রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁরা হজ গমনেচ্ছুদের সঙ্গী হিসেবে যাবেন। জিয়ারতে হারামাইন ট্রাভেল নামের একটি এজেন্সি রাজশাহী, সৈয়দপুর, শান্তাহার, লালমনিরহাট, নওগাঁসহ আরও কয়েক জেলার অর্ধশতাধিক হজ গমনেচ্ছু লোকের কাছ থেকে দুই লাখ ৬৫ হাজার টাকা করে নিয়েছে। শেষ পর্যায়ে এসে এজেন্সি আরও টাকা দাবি করে। এতে হজ গমনেচ্ছু লোকজন আপত্তি জানান। হজ গমনেচ্ছুদের চাপে কয়েক দিন আগে এজেন্সির চেয়ারম্যান মনিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন গা-ঢাকা দেন।


গত শুক্রবার রাতে জিয়ারতে হারামাইনের নওগাঁর এজেন্ট কামরুজ্জামান কাজল, শান্তাহারের তৌহিদুল ইসলাম ও রাজশাহীর এজেন্ট হাবিব উল্লা আশকোনা এলাকার শাহজালাল হোটেলে ওঠেন। খবর পেয়ে প্রতারণার শিকার হওয়া লোকজন আজ দুপুরের দিকে দক্ষিণখান থানায় বিষয়টি জানান। পুলিশ গিয়ে তিন এজেন্টকে আটক করে থানায় নিয়ে যায়।


সেকান্দার আলী বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা এজেন্সিকে পুরো টাকা বুঝিয়ে দিয়েছি। কিন্তু এখন এজেন্সির তিন এজেন্ট বলছে, আমাদের ভিসা হয়ে গেছে। এখন টিকিটের টাকা নিয়ে সমস্যা হচ্ছে। টিকিটের টাকার ব্যবস্থা হলে সবাইকে তারা হজে পাঠাবে। সে জন্য তারা আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করছে।’ হজ গমনেচ্ছুরা তাতে রাজি হচ্ছেন না।


দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস প্রথম আলোকে বলেন, হজ গমনেচ্ছু এবং হজ এজেন্সির লোকজনের সঙ্গে তাঁরা আলাপ-আলোচনা করে বিষয়টির সুরাহা করার চেষ্টা করছেন। তাঁরা যদি হজ গমনেচ্ছুদের হজের বিষয়টি নিশ্চিত করতে পারেন, তবে তাঁদের ছেড়ে দেওয়া হবে।