হজ নিয়ে দুর্নীতির অভিযোগ: তিন শীর্ষ কর্মকর্তাকে দুদকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে হজ এজেন্সির লাইসেন্স দেওয়া এবং অবৈধভাবে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সদ্য অবসরপূর্ব ছুটিতে যাওয়া), যুগ্ম সচিব ও উপসচিবকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, প্রায় এক বছর অনুসন্ধান শেষে তাঁদের অব্যাহতি দিয়ে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। দুদক সচিব মাকসুদুল হাসান খানের সই করা এক চিঠিতে তাঁদের অব্যাহতির বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলম, উপসচিব (হজ) জাহাঙ্গীর আলম, আশকোনা হজ অফিসের অফিস সহকারী ধর্ম মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত আহমেদ মোস্তফা মোল্লা ও ধর্ম মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাসসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ধর্ম মন্ত্রণালয় থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে দুদক এ অনুসন্ধান শুরু করে।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ২ আগস্ট অবসর পূর্ব ছুটিতে যান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস। এর আগে তিনি প্রায় সাড়ে আট বছর ওই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে জামাতার নামে ‘সুপার নির্ভান এন্টারপ্রাইজ’ এবং মেয়ের নামে ‘সাবরিনা এন্টারপ্রাইজ’ নামে দুটি হজ এজেন্সির লাইসেন্স নেন। ওই দুই এজেন্সির মাধ্যমে হজ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। অভিযোগ রয়েছে, অনিয়মের অভিযোগে অবসরে যাওয়ার কয়েক দিন আগেও তাঁকে অন্যত্র বদলি করা হয়েছিল।
যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলমও প্রায় ছয় বছর ধরে ধর্ম মন্ত্রণালয়ে কাজ করছেন। এর আগে তিনি দীর্ঘদিন একই মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব ছিলেন। ছেলের নামে ‘সুবহানাল্লাহ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’ এবং ইসলামিক ফাউন্ডেশনের একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে যৌথভাবে ‘মুনতাকা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’ নামে দুটি এজেন্সির লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
উপসচিব জাহাঙ্গীর আলমও ধর্ম মন্ত্রণালয়ে কাজ করছেন তিন বছরের বেশি সময় ধরে। অভিযোগ রয়েছে, ‘ইবনে বতুতা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’ নামে হজ এজেন্সির লাইসেন্স দিয়ে ব্যবসা করছেন তাঁর ভাই। মন্ত্রণালয়ের অফিস সহকারী আহমেদ মোস্তফা মোল্লা (সাপু) ও তাঁর ভাই হজ অফিসের মেসেঞ্জার রফিকুল ইসলাম মোল্লার ‘আরএফএল ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’ নামে একটি হজ এজেন্সি রয়েছে বলে অভিযোগে জানা যায়।
এসব কর্মকর্তা কর্মচারি নিজেদের হজ এজেন্সির মাধ্যমে হজ সংক্রান্ত কর্মকাণ্ডে বানিজ্যিকভাবে নিজেদের জড়াতেন এবং নিজেরা লাভবান হয়েছেন বলে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে।
অন্যদিকে হজ গাইড নির্বাচনে অনিয়মের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাছাই কমিটি করা হলেও কমিটির অন্য তিন সদস্য বায়তুল মোকাররম মসজিদের দ্বিতীয় খতিব মাওলানা মুহিবুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস শুকুর ও আশকোনা হজ অফিসের পরিচালক মিজানুর রহমানকে কোনো কিছু না জানিয়েই গাইড নির্বাচন করা হয়। সব বিষয়েই তাঁদের অন্ধকারে রাখা হয়।
যাঁরা কমপক্ষে ৪৫ জন হজযাত্রী সংগ্রহ করতে পারবেন তাঁদেরই হজ গাইড হিসেবে নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু একজন হাজিও সংগ্রহ করতে পারেননি এমন ব্যক্তিদের হজ গাইড নির্বাচন করা হয়েছে। কমিটির প্রধান হাসান জাহাঙ্গীর আলম তাঁর নিজ এলাকার এমন ছয়জনকে গাইড নির্বাচন করেছেন, যাঁদের মধ্যে চারজনই কোনো হাজি সংগ্রহ করতে পারেননি। এ ছাড়াও ২০১৪ সালে হাজির সংখ্যা অনুযায়ী ৩৩ জনকে হজ গাইড নির্বাচিত হওয়ার কথা থাকলেও নির্বাচন করা হয় ৪৮ জনকে। এখানে সরকারের বাড়তি ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।
দুদকের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযোগটি অনুসন্ধান করেন।