হঠাৎ অজ্ঞান পার্টির তৎপরতা, একদিনে পাঁচজন হাসপাতালে
রাজধানীতে হঠাৎ অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে। গতকাল বুধবার নগরীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পাঁচজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বজনেরা বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা এদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে গেছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিদের স্বজন ও হাসপাতাল সূত্র বলেছে, আজ বিকেল সাড়ে তিনটার দিকে দুই নারী ও এক পুরুষ বাসা ভাড়া নেওয়ার কথা বলে ডেমরার নতুন পাড়ার বাসিন্দা আয়েশা আক্তারের (৬০) বাড়িতে ঢোকেন। তারা আয়েশার পরিবারের সদস্যদের সঙ্গে ভাব গড়ে তোলেন। একপর্যায়ে তারা আয়েশা ও তার পুত্রবধূ বাকপ্রতিবন্ধী খালেদা আক্তারকে (৩২) চেতনানাশক যুক্ত দই ও কলা খাইয়ে দেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আয়েশা আক্তারের ছেলে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাদের বাসা ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ ঝোলানো ছিল। এটা দেখে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িতে ঢুকে তার মা ও ভাবিকে অজ্ঞান করে বাড়ি থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় মা ও ভাবি ছাড়া অন্য কেউ বাসায় ছিলেন না।
মধ্যপ্রাচ্য যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সিকে টাকা দিতে বৃহস্পতিবার সকাল চাদপুরের মতলব থেকে ঢাকায় এসেছিলেন শাহাদত হোসেন (৩০)। দুপুরে গুলিস্তানে বঙ্গভবনের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকেন। এ সময় পথচারীরা পকেটে পাওয়া নম্বরে ফোন দিলে তার চাচাতো ভাই সুরুজ মিয়া ঘটনাটি জানতে পারেন। পরে তিনি এসে শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
দুপুরে গুলিস্তান থেকে টঙ্গীগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে কাগজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫) সাড়ে চার লাখ টাকা খোয়ান। পরে স্বজনেরা খবর পেয়ে শাহজালাল বিমান বন্দরের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রাতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই কিতাব আলী বলেন, নয়াবাজারে জাহাঙ্গীর আলমের কাগজের ব্যবসা আছে। অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সিএনজিচালিত অটোরিকশাচালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় পাওয়া যায়নি। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা অটোরিকশাচালককে অজ্ঞান করে তার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।
এ ছাড়া গত বুধবার রাতে রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।