হঠাৎ এসে খেলায় মগ্ন শিশুকে কুপিয়ে হত্যা
বসতবাড়ির পাশে খেলছিল দুই বছর বয়সী শিশু মলি আকতার। উপস্থিত ছিলেন কয়েকজন লোক। কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে হাজির হয়ে সবার সামনে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মলিকে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ছোট টেংরা গ্রামে। এলাকাবাসী হত্যাকারীকে হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আটক ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মলি ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে ৪৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি হঠাৎ হাজির হন। মলি তখন খেলছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে পড়ে থাকা একটি কোদাল হাতে নিয়ে ওই ব্যক্তি মলির ঘাড়ে ও মাথায় কোপ দেন।
মলির বাবা আজিজার রহমান বলেন, ঘটনার সময় সেখানে গ্রামের অনেক লোক উপস্থিত ছিলেন। সবার সামনে অবুঝ শিশুকে নির্মমভাবে কোপান অজ্ঞাতনামা ওই ব্যক্তি। মলির চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে দেখেন, ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আকস্মিক এ ঘটনায় সবাই হতভম্ব হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় মলিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মলি মারা যায়।
ঘটনার পর অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল সন্ধ্যায় বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ময়নাতদন্তের পর শিশুটির লাশ তার বাবা-মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিনি নিজের নাম একেক সময় একেক রকম বলছেন। তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা আজিজার রহমান বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।